শাহজাদপুর সংবাদ

গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা

২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৫ AM

গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা

স্মার্টফোনে তোলা ছবি সংরক্ষণ ও ব্যাকআপের জন্য গুগল ফটোস ব্যবহার করেন অনেকেই। ব্যক্তিগত মুহূর্তের ছবি থেকে ভ্রমণ, দৈনন্দিন জীবন ও বিভিন্ন প্রয়োজনীয় নথির ছবি নিয়মিত জমা হয় এই প্ল্যাটফর্মে। এসব ছবি খুঁজে বের করা, সম্পাদনা করা কিংবা নতুনভাবে সাজানোর কাজ আরও সহজ করতে গুগল ফটোসে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করছে গুগল। নতুন এসব সুবিধার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি বাছাই ও সম্পাদনা, ব্যক্তিগত তথ্য আড়াল, পোশাকের ডিজিটাল সংগ্রহ এবং নতুন ধরনের ছবি তৈরির সুযোগ রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর নিজস্ব ব্লগ পোস্টে এসব সুবিধার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

গুগল ফটোসের মার্কআপ টুলে যুক্ত হওয়া ‘রিড্যাক্ট পেন’ ব্যবহার করে ছবির নির্দিষ্ট অংশ পিক্সেলেট করা যাবে। ব্যবহারকারী ছবির যে অংশটি গোপন রাখতে চান, সেখানে পেনটি প্রয়োগ করলেই সেটি অস্পষ্ট হয়ে যাবে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ, অনলাইনে নথি পাঠানো বা কোনও স্থানসংক্রান্ত ছবি শেয়ার করার আগে গাড়ির নম্বরপ্লেট, ঠিকানা, পরিচয়পত্রের তথ্য কিংবা অন্য ব্যক্তিগত তথ্য সহজেই আড়াল করা সম্ভব হবে। এ কাজের জন্য আলাদা কোনও ছবি সম্পাদনার অ্যাপ ব্যবহার করতে হবে না।

রিড্যাক্ট সুবিধার পাশাপাশি মার্কআপ টুলে পেনের আকার নিয়ন্ত্রণের জন্য নতুন স্লাইডার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী ছবির প্রয়োজন অনুযায়ী পেনের পুরুত্ব বাড়াতে বা কমাতে পারবেন। ছবিতে লেখা যোগ করার সময় নতুন ফন্ট ব্যবহারের সুযোগও থাকছে। ফলে একই সম্পাদনা ব্যবস্থায় ছবির নির্দিষ্ট অংশ গোপন করা, গুরুত্বপূর্ণ তথ্য চিহ্নিত করা এবং প্রয়োজনীয় লেখা যুক্ত করা যাবে।

গুগল ফটোসে থাকা পোশাক ও গয়নার ছবি শনাক্ত করে সেগুলোর একটি ডিজিটাল সংগ্রহ তৈরির সুবিধা দেবে ‘ওয়ারড্রোব’ ফিচার। ব্যবহারকারীরা এই সংগ্রহ থেকে বিভিন্ন পোশাক একসঙ্গে মিলিয়ে দেখার পাশাপাশি নতুন সাজের ধারণা নিতে পারবেন। ফিচারটি যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিশ্বজুড়ে ‘মুডস’ নামে নতুন একটি সুবিধা চালু করা হচ্ছে। এর মাধ্যমে ছবিতে ৩৫ মিলিমিটার ফিল্ম, ২০০০-এর দশকের ডিজিটাল ক্যামেরা এবং পুরোনো দিনের ছবির মতো বিভিন্ন ভিনটেজ আবহ যোগ করা যাবে। নির্বাচিত স্টাইল অনুযায়ী ছবির রং, আলো ও উপস্থাপনা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করবে ফিচারটি।

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট কিছু দেশে ১৫টি নতুন ‘রিমিক্স’ টেমপ্লেট যুক্ত করা হয়েছে। এসব টেমপ্লেটের সাহায্যে সাধারণ ছবিকে লালগালিচার আয়োজন, জন্মদিনের কার্ড, ফটো বুথ বা অন্য কোনও সৃজনশীল দৃশ্যের আদলে উপস্থাপন করা যাবে। ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীরা নির্দিষ্ট টেমপ্লেটে নিজেদের মুখাবয়ব ব্যবহার করে নতুন ছবি তৈরির সুযোগও পাবেন।

‘ফটোস ইন জেমিনাই স্পার্ক’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারী স্বাভাবিক ভাষায় একটি নির্দেশনা দিয়েই একাধিক ছবির কাজ করতে পারবেন। যেমন, সপ্তাহান্তের ভ্রমণে তোলা পারিবারিক ছবিগুলো থেকে সেরা পোর্ট্রেট বেছে নেওয়া, সেগুলোর উজ্জ্বলতা বাড়ানো এবং শেয়ার করার জন্য প্রস্তুত করতে বলা যাবে। তবে সুবিধাটি আপাতত যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য চালু হচ্ছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ