গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২
২৭ নভেম্বর, ২০২৬ এ ১২:০৮ PM

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা–কর্মচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন।
নাঈমুরকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) এবং কর্মী মো. হাসান (২৬) আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ বলছে, আবাসিক হোটেলটির সামনে মুরগির দোকান আছে। এই দোকান থেকে একটি মুরগি গত রাতে হোটেলে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা–কর্মচারীদের ওপর হামলা চালান। এতে হতাহতের ঘটনা ঘটে।
নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ। তাঁর বাবার নাম মো. গোলাম মোস্তফা।নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের ভাষ্য, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে তাঁর সহযোগীদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তাঁরা ক্ষিপ্ত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রাজ্জাকের নাতি মো. জুবায়ের প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে মুরগির দোকানটির মালিক এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী গতকাল রাতে হোটেলে প্রবেশ করেন। এরপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভোররাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নাঈমুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত আবদুর রাজ্জাক ও হাসান হাসপাতালে চিকিৎসাধীন।
কী নিয়ে পূর্বশত্রুতা ছিল, সে বিষয়ে কিছু জানাতে পারেননি জুবায়ের। তিনি বলেন, পুলিশের তদন্তে প্রকৃত কারণ বের হয়ে আসবে।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রথম আলোকে বলেন, টিকাটুলির জয়কালী মন্দিরের পাশে হোটেলটির অবস্থান। হোটেলের সামনে একটি মুরগির দোকান আছে। প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, দিবাগত রাত দেড়টার দিকে দোকান থেকে একটি মুরগি হোটেলে ঢোকে। একপর্যায়ে মুরগিটি দোতলায় উঠে যায়। মুরগির দোকানের মালিক এনায়েত ও তাঁর ছেলে ইরানও হোটেলে ঢোকেন। মুরগি ঢোকা নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে এনায়েতের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত ও ইরান মিলে হোটেল ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক ও কর্মী হাসান আহত হন। পরে হাসপাতলে নাঈমুরকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলে পালিয়ে যান বলে জানান পুলিশের কর্মকর্তা মল্লিক আহসান। তিনি বলেন, হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁরা এনায়েত ও ইরানকে শনাক্ত করেছেন। তাঁদের ধরতে অভিযান চলছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা সরকারি চাল জব্দ, ডিলার পলাতক
২৭ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন বাংলাদেশে বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়
২৭ নভেম্বর, ২০২৬ এ ১১:২১ AM · প্রথম আলো
কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক
২৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৭ PM · প্রথম আলো
দুর্ঘটনায় ট্রাকে আটকে পড়া চালক ও সহকারীকে যেভাবে জীবিত উদ্ধার করা হলো
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৫২ AM · প্রথম আলো
