কীভাবে বাড়িভাড়া দেবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন ‘হুররেম’
১৩ আগস্ট, ২০২৬ এ ১০:৩০ AM

তুর্কি-জার্মান অভিনেত্রী মেরিয়েম উজেরলির জন্মদিন আজ। তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি (সুলতান সোলেমান)’-এ হুররেম সুলতানের চরিত্রে অভিনয় করে তিনি তারকা হয়ে ওঠেন। তবে এই সাফল্যের গল্পের শুরুটা ছিল একেবারেই ভিন্ন।
হুররেম সুলতানের চরিত্রে অভিনয়ের সুযোগ যখন তাঁর সামনে আসে, তখন মেরিয়েম জীবনের কঠিন সময় পার করছিলেন। ছয় বছরের একটি সম্পর্ক ভেঙে গেছে। হাতে কোনো কাজ ছিল না। এমনকি পরের মাসের বাড়িভাড়া কীভাবে দেবেন, সেটিও জানতেন না।
মেরিয়েম নিজেই বলেন, ‘তখনই আমি ছয় বছরের একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। কোনো কাজ ছিল না। কীভাবে বাড়িভাড়া দেব, সেটাও জানতাম না।’
ঠিক সেই সময় ইস্তাম্বুলের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের বড় একটি ধারাবাহিকের প্রধান চরিত্রের জন্য অডিশনের সুযোগ আসে তাঁর সামনে। থিয়েটারে কাজ করার সময় পরিচিত একজন মেরিয়েমের অভিনয়ের ভিডিও ওই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিলেন।
তাঁর ধারণা ছিল, মেরিয়েম হুররেম সুলতানের চরিত্রের জন্য উপযুক্ত।তবে মেরিয়েম তখন হুররেম সুলতান চরিত্রটি পাওয়ার স্বপ্ন দেখছিলেন না। তাঁর প্রত্যাশা ছিল আরও সাধারণ। প্রধান চরিত্রটি না পেলেও ধারাবাহিকটির কোনো পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যেতে পারে, এমনটাই ভাবছিলেন তিনি।কারণ, তখন তাঁর কাছে সবচেয়ে জরুরি ছিল একটি কাজ পাওয়া।
মেরিয়েম বলেন, ‘আমি আশা করছিলাম, হয়তো এই ধারাবাহিকে কোনো একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাব।’
শেষ পর্যন্ত সেই অডিশনই বদলে দেয় তাঁর জীবন। তিনি পেয়ে যান হুররেম সুলতানের চরিত্র। তবে চরিত্রটি যে তাঁকে এত বড় সাফল্য এনে দেবে, সেটি তখন তিনি জানতেন না। এমনকি ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি (সুলতান সোলেমান)’ কতটা জনপ্রিয় হবে, তা নির্মাতাদেরও জানা ছিল না।
মেরিয়েমের ভাষায়, তখন এটি ছিল শুধু চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজকদের একটি স্বপ্ন। তিনি ভবিষ্যতের সাফল্য নিয়ে না ভেবে শুধু নিজের কাজটিতে মন দিয়েছিলেন।
প্রথম পর্বের চিত্রনাট্য পড়েই অবশ্য হুররেম চরিত্রটির গভীরতা তাঁকে নাড়া দেয়। চরিত্রটির আবেগ তাঁকে এতটাই আচ্ছন্ন করেছিল যে মনে হয়েছিল, হুররেমকে জীবন্ত করে তোলাই তাঁর কাজ। নিজের কথা ভুলে চরিত্রটির মধ্যে ঢুকে যেতে হবে।
এরপর প্রায় তিন বছর হুররেম চরিত্রটি তাঁকে প্রতিদিন চ্যালেঞ্জ করেছে। ক্ষমতা, ভালোবাসা, আগ্রাসন, সংগ্রাম ও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে চরিত্রটি এগিয়েছে। মেরিয়েমের কাছে হুররেম ছিল ‘বিস্ফোরণের অপেক্ষায় থাকা বোমার মতো।’তাঁর অভিনয়জীবনে এর চেয়ে শক্তিশালী চরিত্র আর আসেনি বলেই মনে করেন মেরিয়েম।
আরাবিয়ান মোডা অবলম্বনে
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
দুই বছরের সম্পর্কে ভয়াবহ নির্যাতনের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
১৩ আগস্ট, ২০২৬ এ ৩:২৯ PM · প্রথম আলো
আর্কিটেকচারের মতো রান্নাও স্পেস, কালার, কম্পোজিশন এবং নান্দনিকতার খেলা
১৩ আগস্ট, ২০২৬ এ ১:৩০ PM · প্রথম আলো
দাউদ ইব্রাহিমের জন্মদিনে গাইতে গিয়েছেলেন কুমার শানু! কারণ...
১৩ আগস্ট, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
