এবার কেনিয়ায় টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন রপ্তানি করবে ওয়ালটন
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:৪০ PM

এবার আফ্রিকার দেশ কেনিয়ায় পণ্য রপ্তানি করবে ইলেকট্রনিকস পণ্য তৈরির দেশীয় জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এ জন্য কেনিয়ার বেসরকারি খাতের প্রতিষ্ঠান নর্থ লাইট হোল্ডিংসের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ওয়ালটন। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ রোববার বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়। ওয়ালটন জানিয়েছে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে নিবন্ধিত নর্থ লাইট হোল্ডিংসের সঙ্গে এই চুক্তি করা হয়েছে দেশটিতে ওয়ালটনের ব্যবসার স্বার্থে। চুক্তির আওতায় কেনিয়ার কোম্পানিটি দেশটির বাজারের জন্য ওয়ালটনের পণ্য কিনে বাজারজাতের পাশাপাশি গ্রাহক সেবা প্রদান ও পণ্যের প্রচারের কাজ করবে। তবে কবে থেকে কেনিয়ায় পণ্য রপ্তানি শুরু করবে, এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি ওয়ালটন।
কোম্পানি–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের বাজারের পাশাপাশি রপ্তানি বাজার বড় করতে নিয়মিত চেষ্টার অংশ হিসেবে এবার কেনিয়াকে বেছে নেওয়া হয়েছে। কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তির আগে দেশটির বাজারে রপ্তানি সম্ভাবনা খতিয়ে দেখে ওয়ালটন। তাতে রপ্তানির ভালো সম্ভাবনা দেখতে পায় ওয়ালটন। এ কারণে দেশটিতে ওয়ালটনের তৈরি ইলেকট্রনিকস পণ্য রপ্তানি শুরু করতে এই চুক্তি করা হয়েছে।
ওয়ালটনের সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে আনুষ্ঠানিকভাবে পণ্য রপ্তানি শুরু করে ২০১০ সালে। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৬৪টি দেশে পণ্য রপ্তানি করে ওয়ালটন। সর্বশেষ অর্থবছরে ওয়ালটনের রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল আগের অর্থবছরের তুলনায় ৬৮ শতাংশ। অর্থাৎ দেশের বাজারের পাশাপাশি রপ্তানি বাজারেও ভালো ব্যবসা করছে কোম্পানিটি।
বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত পাঁচ অর্থবছরে ওয়ালটন ৮ লাখ ইউনিট ইলেকট্রিক্যাল ও গৃহস্থালি পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে গত জুনে শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি করেছে ১ লাখ ২২ হাজার ইউনিটের বেশি। গত অর্থবছর থেকে কোম্পানিটির শ্রীলঙ্কার বাজারে প্রথমবারের মতো লিফট রপ্তানি শুরু করে। ওয়ালটনের লক্ষ্য হচ্ছে, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের ২০০ দেশে তাদের তৈরি পণ্য রপ্তানির বাজার সম্প্রসারণের।
গত অর্থবছরে ওয়ালটনের রপ্তানি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি ছিল রেফ্রিজারেটর। ১ লাখ ২২ হাজার ইউনিটের মধ্যে ৭৫ হাজারের বেশি ছিল রেফ্রিজারেটর। এ ছাড়া রপ্তানি পণ্যের তালিকায় ছিল কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্য।
কোম্পানি–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বছরের প্রথমার্ধে কেনিয়ার বাজারে পণ্য রপ্তানি শুরু করবে ওয়ালটন। চুক্তি অনুযায়ী, দেশটির বাজারে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও ওয়াশিং মেশিন রপ্তানি করা হবে। রপ্তানি শুরুর প্রথমবারের সম্ভাব্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ মার্কিন ডলার। ২০২৯ সালে তা ৫০ লাখ ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
জানতে চাইলে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের ২০০ দেশে ওয়ালটনের পণ্য রপ্তানির একটি লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। সেই লক্ষ্যে আমরা নতুন নতুন দেশে পণ্য রপ্তানির সম্ভাবনা খতিয়ে দেখছি। তারই অংশ হিসেবে এবার কেনিয়ার বাজারে রপ্তানি শুরুর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এআইয়ের কারণে সপ্তাহে তিন দিন কাজ করলেই চলবে, বলছেন জেফ বেজোস
১০ অক্টোবর, ২০২৬ এ ১২:৩২ PM · প্রথম আলো
