শাহজাদপুর সংবাদ

এনায়েতপুরের ঐতিহ্যবাহী আন্তঃজেলা হাটে জমজমাট কেনাবেচা

১৪ আগস্ট, ২০২৬ এ ৪:১৩ PM

এনায়েতপুরের ঐতিহ্যবাহী আন্তঃজেলা হাটে জমজমাট কেনাবেচা

নিজস্ব প্রতিবেদক, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ): প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে দিনভর জমজমাট থাকে।চৌহালী উপজেলার অধীন এ হাটে সিরাজগঞ্জ ছাড়াও টাঙ্গাইল ও পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন।দূর-দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় সকাল থেকেই হাট এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।এ হাটে গরু কেনাবেচার পাশাপাশি বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমারোহ থাকে।বসছে কাঁচা সবজি, মাছ, গরু ও খাসির মাংস, ফলমূল ও বিভিন্ন ধরনের কাপড়ের দোকান।

এছাড়া দা-কাঁচি, হাঁস-মুরগি, কবুতর, শিশুদের বই, টুপি ও কবিরাজি ওষুধের দোকানও বসে।হাটের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য দোকানে দিনভর চলে বেচাকেনা।স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার ব্যবসায়ীরাও এখানে পণ্য নিয়ে আসেন।ফলে প্রতি শুক্রবার হাটটি পরিণত হয় মানুষের মিলনমেলায়।বিশেষ করে গরুর হাটে দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। হাটকে ঘিরে আশপাশের এলাকায়ও বাড়ে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ।স্থানীয় ব্যবসায়ীদের মতে, এ হাটটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের কেনাকাটার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।হাটটির সঙ্গে এনায়েতপুরের ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিরও রয়েছে গভীর সম্পর্ক।এছাড়া এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালকে কেন্দ্র করেও বিভিন্ন এলাকা থেকে মানুষের যাতায়াত রয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের প্রয়োজনীয় কেনাকাটার একটি বড় অংশও এ হাটকে ঘিরে হয়ে থাকে।এ কারণে শুক্রবারের হাটে ক্রেতা-বিক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে বলে জানান স্থানীয়রা।হাটে কেনাকাটার পাশাপাশি বিভিন্ন জেলার ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের বাণিজ্যিক যোগাযোগও তৈরি হচ্ছে।এতে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও আয়-রোজগারের সুযোগ সৃষ্টি হচ্ছে।তবে হাটের ক্রেতা-বিক্রেতার সংখ্যা দিন দিন বাড়ায় এর ব্যবস্থাপনা আরও উন্নত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।তাদের মতে, হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এর বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়বে।বিশেষ করে সড়ক, যানবাহন চলাচল ও হাটের ভেতরের পরিবেশ আরও উন্নত করার প্রয়োজন রয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন, আন্তঃজেলা পর্যায়ের এ হাটকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে এলাকার অর্থনীতি আরও গতিশীল হবে।

প্রতি শুক্রবারের এই হাট এখন শুধু কেনাবেচার স্থান নয়, বরং আশপাশের কয়েক জেলার মানুষের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মিলনকেন্দ্র।দিনভর বেচাকেনা শেষে বিকেলের দিকে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা কমলেও জমজমাট থাকে হাটের পরিবেশ এনায়েতপুরের ঐতিহ্যবাহী এ হাটটি ধরে রাখতে এবং এর সুযোগ-সুবিধা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়িরা।

The post এনায়েতপুরের ঐতিহ্যবাহী আন্তঃজেলা হাটে জমজমাট কেনাবেচা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ