একধাপে সোনার দাম বাড়ল ভরিতে ৫,৪৮২ টাকা
২২ আগস্ট, ২০২৬ এ ১১:২৯ AM

বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। আজ ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বেড়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকাল ১০টায় বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে তা সমন্বয় করা হয়েছে।
সংগঠনটি মূল্যবৃদ্ধির জন্য স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কথা বললেও মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
নতুন করে মূল্যবৃদ্ধির ফলে আজ থেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা; ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৪৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ভরির দাম ভরিপ্রতি ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা; ২১ ক্যারেট ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা; ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
এর আগে ২০ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। সেদিন সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৮৪৯ টাকা বেড়েছে।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়।
এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের রুপার দাম বেড়েছে ভরিতে ১৭৫ টাকা। এতে আজ বৃহস্পতিবার থেকে এক ভরির রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম বেড়ে হয়েছে ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এল নিনোর প্রভাবে আবারও চাপে পানামা খাল, বাড়ছে পরিবহন খরচ
২২ আগস্ট, ২০২৬ এ ৪:২১ PM · প্রথম আলো
শ্রমিক ছাঁটাই বন্ধে নির্দেশনা ও শিল্প বাঁচাতে জ্বালানি সরবরাহের দাবি শ্রমিকনেতাদের
২১ আগস্ট, ২০২৬ এ ৪:৩৫ PM · প্রথম আলো
