শাহজাদপুর সংবাদ

ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, পিটুনিতে খুশি সবাই

২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:২৮ AM

ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, পিটুনিতে খুশি সবাই

ক্রাইস্টচার্চের রাস্তায় বৈদ্যুতিক বাইকে ঘুরছিলেন এক তরুণ। গায়ে নীল ট্র্যাকস্যুট। কে তিনি? ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। হঠাৎ তাঁকে থামালেন আরেক ক্রিকেটার। তিনি পন্তের মতো পেশাদার ক্রিকেটার নন। তবে ক্রিকেট খেলেন।

কথা হলো। ছবিও তোলা হলো। তারপর এল অনুরোধ, ‘আমাদের সঙ্গে খেলবেন?’ পন্তও রাজি হয়ে গেলেন। কাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে পন্ত ব্যাটিং অনুশীলনটা সেরেছেন তাঁদের সঙ্গেই।

টুর্নামেন্টের নাম ছিল নাম ‘লাস্ট ম্যান স্ট্যান্ডস’ (অপেশাদার ক্রিকেট লিগ)। মাঠ ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্ক। হ্যাগলি ওভাল নয়। ওভালে পন্ত এই সপ্তাহে ভারতের সাদা পোশাকে নামবেন। তবে পার্কে নেমেছিলেন নীল ট্র্যাকস্যুটে।

পুরো গল্পটা শোনা যাক ওপেন হাউস সুইংগার্সের খেলোয়াড় মোহাম্মদ সাফির মুখে। ওপেন হাউস সুইংগার্সের হয়ে খেলেছেন পন্ত। আর এই সাফিই তাঁকে আটকেছিলেন।সাফি নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেছেন, ‘দেখলাম, ঋষভ বৈদ্যুতিক বাইকে ঘুরছে। গিয়ে থামালাম। কথা হলো। কয়েকটা ছবিও তুললাম। তারপর বললাম, আমাদের হয়ে ক্রিকেট খেলবে?’

পন্তের উত্তর ছিল, ‘ঠিক আছে, খেলব।’ তারপর প্যাড পরে ব্যাট হাতে নেমে কয়েকটা ছক্কাও মারলেন।

স্কোরকার্ডে ভারতীয় এই তারকার নাম লেখা হলো ‘স্ট্যান স্ট্যান’। প্রতিপক্ষ ছিল দ্য চোসেন ওয়ানস। তারা নাকি তাঁকে চিনতেই পারেনি! ওই নীল ট্র্যাকস্যুটেও না! অবশ্য ব্যাটিং স্টাইল দেখে পরে চেনার কথা। ব্যাট হাতে ২১ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন পন্ত। মেরেছেন বড় বড় ছক্কা।

সাফি জানিয়েছেন, পন্ত খেলেছেন তাঁর চাচাতো ভাইয়ের ব্যাট দিয়ে। এখানেই শেষ নয়। সাফি বলেন, ‘ও আমাকে একটা সিঙ্গেল দিতে বলছিল। কিন্তু আমি তো তখন ওর চেয়ে লম্বা ছক্কা মারছিলাম। তখন ও বলল, আমাকে একটু স্ট্রাইক দাও। দেখিয়ে দিই কীভাবে মারতে হয়।’

দেখিয়েও দিলেন। তাঁর ৫৪ রানের ইনিংসে ওপেন হাউস সুইংগার্স জিতল ১৬ রানে।পন্তের এমন কাণ্ডে অবাক অনেকেই। ভারতের বোলিং কোচ মরনে মরকেল বললেন, ‘গত রাতে খবরটা দেখে প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম।’

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের কাছে পন্তের এভাবে খেলাটা ‘দুর্দান্ত’ ব্যাপার। তিনি বলেন, ‘ঋষভ দারুণ এক চরিত্র। এলএমএসের দলগুলোর সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করছে, এটা দারুণ ব্যাপার।’

তবে এবার সামনে আসল লড়াই। শুক্রবার হ্যাগলি ওভালে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। পার্কে পন্তের ছক্কা কি ওভালেও দেখা যাবে?

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ