শাহজাদপুর সংবাদ

আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও

২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৩০ AM

আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও

নিজের নামটা মানুষের কাছে পরিচয়ের সবচেয়ে বড় অবলম্বন। কিন্তু নিজের নামের ওপরই যদি অন্য কেউ মালিকানা দাবি করে বসেন, তখন কেমন লাগে? এর উত্তর দিতে পারবেন আর্লিং হলান্ড।

ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকারকে নিয়ে ফুটবল–দুনিয়ায় আলোচনা কম হয় না। গোলের পর গোল করে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কিন্তু এবার মাঠের বাইরের এক অদ্ভুত ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন হলান্ড। নিজের পদবি ‘হলান্ড’ বাণিজ্যিকভাবে ব্যবহারের অধিকার পেতে তাঁকে লড়তে হচ্ছে এক পোলিশ ইলেকট্রিশিয়ানের সঙ্গে!

ঘটনার শুরু ২০২৩ সালে। নিজের নামে একটি ব্র্যান্ড চালু করার পরিকল্পনা থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ‘হলান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

কিন্তু খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর আগেই নামটি নিজের করে নিয়েছেন পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ান। তাঁর নাম মাইকেল ওয়াঁস। শুধু একটি বা দুটি পণ্যের জন্য নয়, ওয়াঁস ইউরোপীয় ইউনিয়নে ‘হলান্ড’ নামটি নিবন্ধন করেছিলেন ১৬টি পণ্যশ্রেণিতে। এর মধ্যে আছে খেলনা, ক্রীড়াসামগ্রী, পুষ্টিবর্ধক উপাদান, এনার্জি ড্রিংকস, এমনকি নারীদের অন্তর্বাসও!

ব্যাপারটা শুনতে খানিকটা অবিশ্বাস্যই। যে নামে একজন ফুটবলার বিশ্বজুড়ে পরিচিত, সেই নামেই অন্য কেউ বাজারে পণ্য ছাড়ার অধিকার পেয়ে যাচ্ছেন! হলান্ডের আইনি দল বিষয়টিকে সহজভাবে নেয়নি।

তাদের অভিযোগ, ওয়াঁস অসৎ উদ্দেশ্যে নামটি নিবন্ধন করেছেন। নরওয়েজীয় ফুটবলারের বিশ্বজোড়া খ্যাতিকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সুবিধা নেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওয়াঁস। তাঁর দাবি, ফুটবলার হলান্ডের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ‘হলান্ড’ নামটির পেছনেও নাকি আছে অন্য ব্যাখ্যা।

ওয়াঁসের যুক্তি, পোলিশ শব্দ ‘হালা’, যার অর্থ বড় আচ্ছাদিত স্থাপনা, আর ইংরেজি ‘ল্যান্ড’, যার অর্থ ভূমি, এই দুটি শব্দ মিলিয়েই তৈরি হয়েছে ‘হলান্ড’। শুধু তা-ই নয়, নামটির আরেকটি ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর দাবি, ‘হলান্ড’ আসলে ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ কথাটির সংক্ষিপ্ত রূপ।

কিন্তু তাঁর এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস (ইইউআইপিও)। সংস্থাটি মনে করেছে, নামটি নিবন্ধনের পেছনে অসৎ উদ্দেশ্য ছিল। পাশাপাশি পণ্যগুলো দেখে ক্রেতাদের মনে হলান্ডের সঙ্গে সম্পর্ক থাকার ধারণা তৈরি হওয়ার ঝুঁকিও রয়েছে। তাই ওয়াঁসের করা ট্রেডমার্ক নিবন্ধন বাতিল করেছে সংস্থাটি। তবে এখানেই শেষ নয়। সিদ্ধান্ত মেনে নিতে রাজি নন পোলিশ ইলেকট্রিশিয়ান। ইউরোপীয় আদালতে আপিল করে রায় পাল্টানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ