উদ্বাস্তু পরিবারে জন্ম, আরাফাতের উপদেষ্টা থেকে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার, কে এই তিবি
১৭ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM

ইসরায়েলের কট্টর ডানপন্থীদের বাধা পেরিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ইসরায়েলি আরব নেতা আহমেদ তিবি। চিকিৎসক থেকে রাজনীতিক হয়ে ওঠা তিবি একসময় ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের উপদেষ্টা ছিলেন। এখন ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়েই দেশটিকে ‘সব নাগরিকের রাষ্ট্র’ করার দাবি তুলেছেন তিনি।
সাম্প্রতিক ভোটে নির্বাচিত হওয়ার পর তিবি আল-জাজিরাকে বলেন, ‘লিকুদ পার্টি ও ইতামার বেন গভির আমাকে ডেপুটি নির্বাচিত করা ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বেপরোয়া উসকানি দিয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের এই ব্যর্থতাকে রাজনৈতিক জয় হিসেবে দেখছেন তিবি।
ইসরায়েলের আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর জোট জয়েন্ট লিস্টের কথা উল্লেখ করে তিবি বলেন, ‘১১টি আসন পাওয়া জয়েন্ট লিস্টের জন্য এটি ন্যায্য অর্জন।’
তিবি আরব মুভমেন্ট ফর রিনিউয়াল বা তা’আল পার্টির চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্ব করছেন। তবে ডেপুটি স্পিকারের দায়িত্ব তাঁর জন্য নতুন নয়। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ইসিএফআর) পরিচিতি অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৩ সালেও তিনি এই পদে ছিলেন।
উদ্বাস্তু পরিবারে জন্ম
তিবির জন্ম তৎকালীন ফিলিস্তিন ভূখণ্ডের উত্তরাঞ্চলের তাইবে শহরে, ১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর। তাঁর পরিবার ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত হয়েছিল।
প্রথমে চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নেন তিবি। ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে চিকিৎসাশাস্ত্রে স্নাতক হন। তবে রাজনৈতিক সক্রিয়তা একসময় তাঁর চিকিৎসক পরিচয়কে ছাপিয়ে যায়।
আরাফাতের উপদেষ্টা
তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ১৯৮৪ সালে ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে দেখা করেন তিবি। তখন ইসরায়েলের আইনে পিএলওকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে গণ্য করা হতো।
দেশে ফেরার পর ইসরায়েলি পুলিশ তিবিকে জিজ্ঞাসাবাদ করে। তবে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।
তিবি ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ওয়াই রিভার সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্রের দায়িত্ব পালন করেন।
নেতানিয়াহু তখন প্রথম মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওই সম্মেলনে অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয় ইসরায়েল। অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনের অভিযান জোরদারে সম্মত হয়।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল-ফিলিস্তিনের অন্য চুক্তিগুলোর মতো ওয়াই রিভার সমঝোতাও অল্প সময়ের মধ্যে পরিত্যাগ করে ইসরায়েল।
পার্লামেন্টে পথচলা
তিবি ১৯৯৬ সালে তা’আল প্রতিষ্ঠা করেন। ইসিএফআরের তথ্য অনুযায়ী, একদল আরব শিক্ষাবিদকে সঙ্গে নিয়ে দলটি গঠন করা হয়েছিল।
তা’আল গঠনের তিন বছরের মাথায় ১৯৯৯ সালে তিবি প্রথমবারের মতো নেসেটের সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি বালাদের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে বালাদ থেকে পদত্যাগ করে তা’আল পুনর্গঠন করেন।
নিজের পরিচয় দিতে গিয়ে তিবি বলেন, তিনি ‘ইসরায়েলি নাগরিকত্বধারী আরব ফিলিস্তিনি’। ফিলিস্তিনি শরণার্থীদের ইসরায়েলে ফিরে আসার অধিকার ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে তাঁর অবস্থান।
তিবি ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করেন। এর পরিবর্তে দেশটিকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ আখ্যা দিয়ে তিনি দাবি তোলেন, এটিকে ‘সব নাগরিকের রাষ্ট্র’ হতে হবে।
প্রতিবাদ ও সংঘাত
স্পষ্টভাষী অবস্থান ও রাজপথে সক্রিয় থাকার কারণে তিবি বারবার ইসরায়েলি সরকার এবং সহিংস কট্টর ডানপন্থী কর্মীদের নিশানা হয়েছেন।
দ্বিতীয় ইন্তিফাদার সময় ২০০০ সালের সেপ্টেম্বরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মধ্যপ্রাচ্যের ‘কসাই’-খ্যাত অ্যারিয়েল শ্যারনের উসকানিমূলক প্রবেশের বিরোধিতা করতে গিয়ে তাঁর ডান হাত ভেঙে যায়। পরের বছর শ্যারন ইসরায়েলের প্রধানমন্ত্রী হন।
২০০২ সালে ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে ঢোকেন তিবি। সেখানে সেনাদের মুখোমুখি হন। এরপর তাঁর সংসদীয় দায়মুক্তি প্রত্যাহার করে ইসরায়েল।
তিবি পার্লামেন্টের ভেতরেও অভিনব প্রতিবাদের জন্য পরিচিত। ২০১৬ সালে জেরুজালেম ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে লাউডস্পিকার নিষিদ্ধের প্রস্তাবিত বিলের প্রতিবাদে নেসেট কক্ষে আজান দেন তিনি।
যে ভাষণ প্রশংসা পেয়েছিল
কঠোর সমালোচনার পাশাপাশি তিবির একটি ভাষণ নেসেটে বিশেষ প্রশংসা পেয়েছিল। ইসিএফআরের পরিচিতি অনুযায়ী, ২০১০ সালে হলোকাস্ট নিয়ে হিব্রু ভাষায় তিনি ওই ভাষণ দেন।
ইসরায়েলের তৎকালীন নেসেট স্পিকার ও পরবর্তী সময়ে দেশটির প্রেসিডেন্ট রিউভেন রিভলিন এ বিষয়ে নেসেটে শোনা অন্যতম সেরা ভাষণ বলে বর্ণনা করেন।
ইসরায়েল সরকারের বিভিন্ন নীতির এই তীব্র সমালোচক নিজের রাজনৈতিক পরিচয়ও স্পষ্ট করে বলেন, জাতীয় পরিচয়ে তিনি ফিলিস্তিনি, নাগরিকত্বে ইসরায়েলি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা
১৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০ AM · প্রথম আলো
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত ১০
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ AM · প্রথম আলো
মানুষ নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
অভিবাসনের আবেদন খারিজ হলেই পাঠানো হবে রুয়ান্ডায়, জানাল ইউরোপের ৫ দেশ
১৭ নভেম্বর, ২০২৬ এ ৯:৫১ AM · প্রথম আলো
যুক্তরাষ্ট্রে গতকাল ১০ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে, কবে কাটবে অচলাবস্থা
১৬ নভেম্বর, ২০২৬ এ ১২:০৬ PM · প্রথম আলো
