শাহজাদপুর সংবাদ

ঈদে মিলাদুন্নবীতে এনায়েতপুরে উত্তরবঙ্গের বৃহৎ শোভাযাত্রা

২৬ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ PM

ঈদে মিলাদুন্নবীতে এনায়েতপুরে উত্তরবঙ্গের বৃহৎ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফের উদ্যোগে উত্তরবঙ্গের বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে আয়োজিত এ শোভাযাত্রায় প্রায় ১৫ হাজার মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর পাক দরবার শরীফের আয়োজনে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রাটি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া মুসল্লিদের অনেকের মাথায় ক্যাপ এবং হাতে ‘আল্লাহু আকবার’ লেখা আরবি খচিত লাল পতাকা ও জাতীয় পতাকা ছিল।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন খাজা এনায়েতপুরী (রহ.)-এর দৌহিত্র এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ ও চেয়ারম্যান এম এ হায়দার হোসেন।

শোভাযাত্রাটি এনায়েতপুর পুরাতন বাজার হয়ে কেজির মোড়, এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়ক এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পাক দরবার শরীফে গিয়ে শেষ হয়। এ সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

পরে দরবার শরীফে মিলাদ ও দরুদ পাঠ অনুষ্ঠিত হয়। দরবার শরীফের খাদেম আলহাজ্ব আব্দুল মালেক মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া মুসল্লি ও আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার পথপ্রদর্শক। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে হিংসা, ভেদাভেদ ও বিভেদ দূর হবে এবং মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।

তারা আরও বলেন, মহানবী (সা.)-এর শান্তি ও মানবতার বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর পাক দরবার শরীফের উদ্যোগে কয়েক বছর ধরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা, দোয়া, দরুদ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে।

সূত্র: Padmatimes24

সম্পর্কিত সংবাদ