শাহজাদপুর সংবাদ

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে, বললেন ট্রাম্প

৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০ AM

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে, বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে তিনি মনে করছেন। তবে কীভাবে এ যুদ্ধের অবসান হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গতকাল শুক্রবার ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। কানসাস সিটির বেতারকেন্দ্র কেসিএমওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি শিগগিরই শেষ হতে যাচ্ছে। আমাদের এমন নিশ্চয়তা প্রয়োজন, যাতে (ইরান) কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করে।’

ট্রাম্প আরও বলেছেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে না।

যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছে কাতার। গতকাল কাতারের মধ্যস্থতাকারীরা আবারও তেহরানে যান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এ আলোচনা চলছে বলে রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

এদিকে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটন পোস্টের বরাতে আল–জাজিরা জানিয়েছে, ভ্যান্সের প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে। তবে ইরান এখনো প্রস্তাবের জবাব দেয়নি।

সমঝোতার পথে দুই দেশের অবস্থানের পার্থক্যও রয়েছে। যুক্তরাষ্ট্র চায়, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছেড়ে দিক। অন্যদিকে ইরান আগে দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া এবং জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধের নিশ্চয়তা ও জব্দ করা তেহরানের সম্পদ ফিরিয়ে দেওয়াসহ সাতটি শর্ত পূরণ না হলে সমঝোতায় অগ্রগতি সম্ভব নয়।

এদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ইরানে নতুন করে হামলার প্রস্তুতির খবরও পাওয়া যাচ্ছে। আল–জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানে নতুন করে হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে অবহিত করেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার যৌথ পরিকল্পনা তৈরি করেছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। সম্ভাব্য হামলায় ইরানের নেতৃত্ব, জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা ও অন্যান্য অবকাঠামো নিশানা করা হতে পারে বলে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

আল–জাজিরাকে কয়েকজন বিশ্লেষক বলেন, যুক্তরাষ্ট্র একদিকে সামরিক প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে আলোচনার পথও খোলা রাখছে। তাঁদের মতে, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের নতুন করে বড় ধরনের হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা কম। তবে নির্বাচন শেষ হলে পরিস্থিতি বদলাতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ট্রাম্প এ সংঘাতকে দীর্ঘস্থায়ী হতে দেবেন না। তবে যুদ্ধ বন্ধে শেষ পর্যন্ত কূটনৈতিক সমঝোতা হবে, নাকি আবার সামরিক পদক্ষেপ নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে, বললেন ট্রাম্প | শাহজাদপুর সংবাদ