ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের: পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৪ AM

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
চলতি বছরের শেষ নাগাদ ইরান যুদ্ধ শেষ হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজে প্রচারিত এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তবে তাঁরা এ যুদ্ধ চালিয়ে যেতে চান না। যুক্তরাষ্ট্র এ যুদ্ধ শেষ করতে চায় কি না, সে সিদ্ধান্ত ওয়াশিংটনকেই নিতে হবে।
গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের চাপের কাছে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না।
ইরান যুদ্ধ কীভাবে শেষ করা হবে, তা নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় দূরত্ব রয়েছে।
আগের দিন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো চুক্তি না হলে তিনি ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারেন। তবে তিনি এ-ও ইঙ্গিত দেন যে শিগগিরই একটি চুক্তি হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়েছিল।
জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। উপসাগরীয় এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলের হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।
ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা এ যুদ্ধের অন্যতম লক্ষ্য।
ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ তেহরান অস্বীকার করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।
তেহরান বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের অধিকার ইরানের রয়েছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পক্ষভুক্ত দেশ হিসেবে এ অধিকার তেহরানের রয়েছে বলে দাবি ইরানের।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সৌদি আরবের বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: মাখোঁ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM · প্রথম আলো
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, ঘরবাড়িতে আগুন, গুলিতে বিদ্যুৎকর্মী নিহত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৪ AM · প্রথম আলো
নেতানিয়াহু মঞ্চে উঠতেই বেরিয়ে গেলেন তাঁরা, বাইরে বিক্ষোভ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৬ AM · প্রথম আলো
গাজার পুনর্গঠনে ২৪০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ট্রাম্পের শান্তি পর্ষদের
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
