ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের চলা প্রচেষ্টার মধ্যেই গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরান প্রতিবেশী বাহরাইনে একটি মার্কিন সামরিক রাডার–ব্যবস্থায় হামলা চালানোর কথা জানিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়।
ইরান যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী ওমান ও কাতারের সঙ্গে তেহরানের আলোচনা চলছে। কিন্তু সর্বশেষ এ পাল্টাপাল্টি হামলা প্রায় ৯ মাস ধরে চলা এ যুদ্ধের অবসান ঘটানো নিয়ে কঠিন বাস্তবতাকেই সামনে এনেছে।
এ যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে ক্ষোভ বেড়েছে। এর প্রভাব পড়েছে নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে সাজা দিয়েছেন ভোটাররা। রিপাবলিকানরা মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সেনাসদস্য ও স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার জবাবে মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে।
ইরানের সংবাদমাধ্যম দেশটির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওই হামলায় আইআরজিসির অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি।
একই দিন আইআরজিসি বলেছিল, তারা বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক রাডারব্যবস্থায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ থাকা এবং শিয়া ধর্মীয় নেতাদের বিষয়ে নেতিবাচক অবস্থান গ্রহণ করা নিয়েও বাহরাইনকে সতর্ক করেছে তারা।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর। দেশটি জানিয়েছে, তারা হামলাটি প্রতিহত করেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চলমান আলোচনার বিষয়ে কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ‘দুই পক্ষের দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় এবং আলোচনার টেবিলে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যকার ব্যবধান কমানোর’ লক্ষ্যে গতকাল কাতার ও ইরানের কর্মকর্তারা বৈঠক করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ওমান সফরের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচি সামুদ্রিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, বৈশ্বিক নৌপরিবহন ও বাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি ঠেকানোর বিষয়ে আলোচনা করেন।
ওমান ও ইরান হরমুজ প্রণালির দুই তীরে অবস্থিত। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। যুদ্ধ শুরুর পর ইরান প্রণালিটি কার্যত অচল করে দিয়েছে।
এর আগেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা করেছে ওমান।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, তিনি ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানে তেহরানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে তাঁকে অবহিত করেন তিনি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
অপরাধীদের সাজা স্থগিতের পর ভীতসন্ত্রস্ত বিলকিস গুজরাট ছেড়ে চলে গেছেন
১৮ নভেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৩০ AM · প্রথম আলো
উদ্বাস্তু পরিবারে জন্ম, আরাফাতের উপদেষ্টা থেকে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার, কে এই তিবি
১৭ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা
১৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০ AM · প্রথম আলো
