শাহজাদপুর সংবাদ

আয়কর রিটার্ন জমার সময় বিপাকে পড়বেন না, আগেই গুছিয়ে রাখুন ৬ ধরনের তথ্য

১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM

আয়কর রিটার্ন জমার সময় বিপাকে পড়বেন না, আগেই গুছিয়ে রাখুন ৬ ধরনের তথ্য

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দেওয়ার সময় চলছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কোনো জরিমানা নেই। যা কর আসবে, তা–ই দিলেই হবে। এ বছর সব করদাতাকে অনলাইনে রিটার্ন দিতে হবে।

করদাতারা রিটার্ন প্রস্তুত করতে কী কী তথ্য লাগে, তা জানেন না। ফলে রিটার্ন তৈরির মাঝামাঝি এসে থেমে যান। তাই কী কী তথ্য লাগে, তা আগে থেকে জানা থাকলে সুবিধা হয়। আগে থেকে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।

আয়কর রিটার্ন প্রস্তুত করার সময় আপনার আয়–ব্যয়, সম্পদ, দায়-দেনা, দান ও উপহারের তথ্য গোপন করবেন না। কোনো তথ্য বাদ পড়লে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।

এবার দেখা যাক, কী কী তথ্য লাগে।

১. আয়ের বিবরণী

রিটার্নের এই অংশে আপনার আয় সাধারণত কোন কোন খাত থেকে আসে, জানাতে হয়। এ জন্য যেসব তথ্য লাগে—

১. চাকরি বা বেতন

২. ব্যবসা

৩. বাড়ি বা ফ্ল্যাট ভাড়া

৪. কৃষি আয়

৫. ব্যাংক সুদ বা মুনাফা

৬. সঞ্চয়পত্রের মুনাফা

৭. এফডিআর ও ডিপিএসের আয়

৮. অন্যান্য যেকোনো আয়।

২. খরচের বিবরণী

আয়কর রিটার্নে শুধু আয়ের হিসাব দিলেই হয় না, খরচের হিসাবও জানাতে হয়। সারা বছর আপনার খরচ কী কী, তা–ও জানাতে হবে। এ জন্য কিছু খাতের খরচ জেনে রাখতে হয়। যেমন—

১. পরিবারের দৈনন্দিন খরচ

২. বাসাভাড়া

৩. সন্তানের পড়াশোনার খরচ

৪. চিকিৎসা ও যাতায়াত খরচ

৫. অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক খরচ

৩. আপনার সম্পদের বিবরণী

আপনার নামে বা মালিকানায় যত সম্পদ আছে, তা জানাতে হবে। ৫০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে আপনাকে অবশ্যই সম্পদের বিবরণী জমা দিতে হয়। সেখানে যা কিছু জানাতে হয়, তা হলো—

১. জমি ও ফ্ল্যাট

২. স্বর্ণ ও অলংকার

৩. ফার্নিচার

৪. ল্যাপটপ ও কম্পিউটার

৫. মুঠোফোন

৬. মোটরসাইকেল

৭. প্রাইভেট কার

৮. সঞ্চয়পত্র

৯. এফডিআর ও ডিপিএস ইত্যাদি

৯. ব্যাংকে হিসাবের টাকা

১০. অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পদ।

৪. দায়-দেনার বিবরণী

আয়কর রিটার্নে আপনার দায়–দেনার হিসাবও দিতে হয়। এ জন্য ব্যাংকঋণ, ব্যক্তিগত ঋণ, অন্য কোনো আর্থিক দায় থাকলে তার বিবরণ জেনে রাখতে হবে।

৫. দান ও উপহার

আপনি কাউকে কোনো অর্থ বা সম্পদ দান করে থাকলে তা যেমন আয়কর রিটার্নে জানাতে হবে। যেমন আপনি কারও কাছ থেকে জমি, টাকা, স্বর্ণ বা অন্য কোনো সম্পদ উপহার হিসেবে পেয়ে থাকলেও তা রিটার্নে দেখাতে হবে। মা-বাবা, স্ত্রী-সন্তান ও আপন ভাইবোনের কাছ থেকে উপহার পেলে কর দিতে হয় না।

৬. অন্যান্য প্রয়োজনীয় তথ্য

আয়কর রিটার্ন দেওয়ার সময় বিনিয়োগের বিবরণ, উৎসে কেটে রাখা আয়কর, কর রেয়াতের জন্য যোগ্য বিনিয়োগসহ প্রযোজ্য অন্যান্য আর্থিক তথ্য জেনে রাখবেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ