শাহজাদপুর সংবাদ

আলিমে জিপিএ–৫ এ এগিয়ে ছাত্ররা, পাসে কে এগিয়ে

৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০ PM

আলিমে জিপিএ–৫ এ এগিয়ে ছাত্ররা, পাসে কে এগিয়ে

২০২৬ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ-৫ এগিয়ে ছাত্ররা। এ বছর ছাত্রদের মধ্যে ২ হাজার ২৮ জন এবং ছাত্রীদের মধ্যে ১ হাজার ২২২ জন জিপিএ-৫ পেয়েছেন। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। পাসের হার ৬১ দশমিক ৭ শতাংশ।

আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর এ ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, আলিম পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৫৪৭ জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।

ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীদের চেয়ে ছাত্ররা এগিয়ে রয়েছেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন মোট ৪৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফলের পরিসংখ্যানে দেখা যায়, আলিম পরীক্ষায় পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছাত্রদের সংখ্যা বেশি।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়। গত ৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ