শাহজাদপুর সংবাদ

আর্সেনালের প্রথম, আরতেতার ১৫০

২২ আগস্ট, ২০২৬ এ ১০:০০ AM

আর্সেনালের প্রথম, আরতেতার ১৫০

নতুন মৌসুমের প্রথম দিনই প্রথম জয় তুলে নিয়েছে আর্সেনাল। কাই হাভার্টজ, বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডের গোলে বর্তমান চ্যাম্পিয়নরা কভেন্ট্রি সিটিকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। গতকাল রাতে এমিরেটস স্টেডিয়ামের এই জয়ে একটি মাইলফলক ছুঁয়েছেন মিকেল আরতেতা।

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫০ জয় পূর্ণ করেছেন আর্সেনাল কোচ। এই মাইলফলকে পৌঁছাতে তাঁর লেগেছে ২৪৯ ম্যাচ, তাঁর চেয়ে কম ম্যাচ লেগেছে মাত্র চারজনের। ২০৪ ম্যাচে ১৫০ জয়ে পৌঁছে সবার ওপরে ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

আরতেতার আগে আছেন জোসে মরিনিও (২৩১ ম্যাচ), ইয়ুর্গেন ক্লপ (২৩৭) ও স্যার অ্যালেক্স ফার্গুসনও (২৪৭)। জয়টা অবশ্য আর্সেনালের জন্য প্রত্যাশিতই ছিল। ২৫ বছর পর প্রিমিয়ার লিগে উঠে আসা কভেন্ট্রির বিপক্ষে ১৫ মিনিটেই হাভার্টজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় সাকার সৌজন্যে। আর দ্বিতীয়ার্ধে ১টি গোল করেন ওডেগার্ড।

ম্যাচের পর কভেন্ট্রির বিপক্ষে পাওয়া সহজ জয়টিকে ‘পারফেক্ট’ বলে উল্লেখ করেন ওডেগার্ড। আরতেতা বিশেষভাবে উল্লেখ করেছেন নতুন উইঙ্গার ক্রিস্তোর তজোলিসের নাম। প্রথম ম্যাচেই ২ গোলে ভূমিকা রাখা এই গ্রিককে নিয়ে আর্সেনাল কোচ বলেছেন, তাঁর পারফরম্যান্স ছিল ‘দুর্দান্ত’।

লিগে আর্সেনালের পরের ম্যাচ ৩১ আগস্ট অ্যাস্টন ভিলার বিপক্ষে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ