শাহজাদপুর সংবাদ

অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনিও

২১ আগস্ট, ২০২৬ এ ১১:৪৮ AM

অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনিও

অবসরের ঘোষণা এসেছে ২০১৮ সালে। তবে পেশাদার ফুটবলে সর্বশেষ ম্যাচ খেলেছেন তারও প্রায় তিন বছর আগে। এবার ১১ বছর পর আবারও মাঠে ফিরছেন রোনালদিনিও। ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলারের বয়স এখন ৪৬ বছর। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় নাম লিখিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইতালির রাভেন্নার একটি সমুদ্রসৈকতে আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাবটি। বৃষ্টি উপেক্ষা করে সেখানে হাজির হয়েছিলেন প্রায় ৬ হাজার দর্শক। দিনটির নামও দেওয়া হয়েছিল ‘রোনালদিনিও ডে’। মঞ্চে উঠে রাভেন্নার ১০ নম্বর জার্সি হাতে ছবি তুলেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা।

রোনালদিনিওর সর্বশেষ পেশাদার ম্যাচ ২০১৫ সালের সেপ্টেম্বরে, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। মাঝের সময়ে বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালেও খেলেছেন তিনি। তবে পেশাদার দুনিয়ায় তিনি সাবেক—এমনটাই দেখেছেন সবাই।

সেই রোনালদিনিওই এখন মাঠে নামার অপেক্ষায়। রাভেন্নায় পা রাখার দিনে তিনি বলেছেন, ‘বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুব খুশি। আমাদের এমন একটি দল আছে, যারা ভালো কিছু করতে পারে।’

অবশ্য মাঠে নামার বিষয়টি এখনো শতভাগ নিশ্চিত নয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদিনিও স্পষ্ট উত্তর দেননি, ‘আমি খেলব কি না, জানি না। সেটা শুধু কোচই জানেন। ইতালিতে ফিরতে পেরে দারুণ লাগছে। আমি এখানে এসেছি সতীর্থদের জিততে সাহায্য করতে।’

তবে নিজের ৩০০তম গোলের কথাও ভুলছেন না। রোনালদিনিও বলেছেন, ‘দেখতেই পাচ্ছেন, আমি ভালো ফিট আছি। ভালো অনুভব করছি। যদি ৩০০তম গোলটি করতে পারি, তাহলে আরও ভালো হবে।’ ব্রাজিলের হয়ে ৩৩ গোল করা রোনালদিনিও বার্সেলোনায় ৯৪ এবং এসি মিলানে ২৪ গোল করেছিলেন। খেলেছেন পিএসজি, আতলেতিকো মিনেইরো, গ্রেমিওসহ আরও কয়েকটি দলে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর তথ্য অনুসারে, ৭৮৭ ম্যাচে ২৯৯ গোল করেছেন রোনালদিনিও। ফলে তিন শর ঘরে পৌঁছাতে একটি গোলই লাগে তাঁর।

রোনালদিনিওর রাভেন্নায় ফেরার পরিকল্পনার কথা প্রথম সামনে আসে গত জুনে, ২০২৬ বিশ্বকাপ চলার সময় মায়ামিতে। ক্লাবটির ইতালিয়ান-আমেরিকান মালিক ইগনাসিও সিপ্রিয়ানি তখন রোনালদিনিওকে দলে নেওয়ার কথা জানান। ২০২৪ সাল থেকে রাভেন্নার মালিক সিপ্রিয়ানি বলেছেন, রোনালদিনিও ক্লাবটির শেয়ারও কিনবেন।

সিপ্রিয়ানির ভাষায়, এই প্রত্যাবর্তনের লক্ষ্য ‘রোমান্টিক’। আরও স্পষ্ট করে বললে রোনালদিনিওর ক্যারিয়ারের শেষ গোলটি করানোর চেষ্টা। তবে এটাকে শুধু প্রচারণার কৌশল হিসেবে দেখছেন না তিনি, ‘মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা কোনো মার্কেটিং স্টান্ট নয়’।

রাভেন্না গত মৌসুমে ইতালির তৃতীয় বিভাগের ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছিল। ২০০৮ সালের পর আবার ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’তে ফিরতে চায় ক্লাবটি।

নতুন মৌসুমে রাভেন্নার প্রথম ম্যাচ সোমবার রেজিয়ানার বিপক্ষে। তবে এই ম্যাচে রোনালদিনিওকে দেখা যাবে না বলে খবর লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তের।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ