আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ AM

ক্লাব সমর্থকদের খুশি করার জন্য জয়সূচক গোলই যথেষ্ট হয়ে যাওয়ার কথা।
গতকাল লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে সেটিই করেছেন আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ। তবে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের আতলেতিকো সমর্থকদের কাছে এত ‘দেনা’ জমা হয়ে গিয়েছিল যে জয়সূচক গোলকে যথেষ্ট মনে হয়নি তাঁর নিজের কাছেই।
মৌসুমের শুরুতে বার্সেলোনায় যাওয়ার জন্য তাঁর মরিয়া আচরণে ক্ষোভ জন্মেছিল সমর্থকদের মনে। এবার দেপোর্তিভোর বিপক্ষে ১–০ জয়ের ম্যাচে গোল করার পর দল ছাড়ার ইচ্ছা প্রকাশ এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার ধরন নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আলভারেজ।
বার্সায় যাওয়ার সময়কার নিজের বক্তব্য নিয়ে মুভিস্টারকে আলভারেজ বলেন, ‘বিশ্বকাপ চলাকালে আমার বলা কথাগুলোর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাই। আমি যেভাবে কথাগুলো বলেছি এবং যে সময়ে বলেছি, সেটা ভুল ছিল।’
মৌসুমের শুরুর ম্যাচগুলোতে দর্শক তাঁকে দুয়ো দিয়েছিলেন। সেদিকে ইঙ্গিত করে আলভারেজ যোগ করেন, ‘সমর্থকেরা কেন ক্ষুব্ধ হয়েছেন, তা আমি বুঝতে পারছি। আতলেতিকোয় আসার পর থেকে তাঁরা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, তা বিবেচনায় নিলে তাঁদের প্রতিক্রিয়া স্বাভাবিক। তাঁরা আমার প্রতি অনেক উদারতা দেখিয়েছেন। এখন আমার কাজ করার এবং নিজের সবটুকু দেওয়ার সময়।’
গতকাল আলভারেজের গোলে পাওয়া জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে আতলেতিকো। এটি ছিল লা লিগায় আট মাসের মধ্যে আলভারেজের প্রথম গোল।
আতলেতিকোর ঘরের মাঠে লিগে এর আগে তিনি সর্বশেষ গোল করেছিলেন ২০২৫ সালের নভেম্বরে। চার দিন আগে চ্যাম্পিয়নস লিগেও গোল করেন আলভারেজ। সব মিলিয়ে ছন্দ ফিরে পাচ্ছেন এই আর্জেন্টাইন।
আলভারেজ বলেন, ‘আমি ক্রমেই ভালো অনুভব করছি। সব সময়ই সমর্থন পেয়েছি। নিজের উন্নতির জন্য কাজ করছি। শারীরিকভাবেও আগের চেয়ে ভালো বোধ করছি। জীবনে যখন ভালো থাকেন, তখন তার প্রভাব মাঠেও দেখা যায়। আমরা পেশাদার খেলোয়াড় হলেও জীবনের অন্যান্য বিষয় আমাদের ওপর প্রভাব ফেলে।’
শনিবার গোল করার পর অনেক সমর্থক আলভারেজকে করতালি দিয়ে অভিনন্দন জানান। তবে গ্যালারির একটি অংশ তখনো তাঁর প্রতি অসন্তোষ প্রকাশ করে।
আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে ক্ষমা চাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যাঁরা ক্ষমা চান, তাঁদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। কারণ, ক্ষমা চাওয়াটা সহজ নয়। আলভারেজের জন্য আমি খুব খুশি। আমার মনে হয়, এখন সে অনেকটা স্বস্তি অনুভব করছে। খেলোয়াড় হিসেবে আলভারেজকে নিয়ে আমি দারুণ খুশি। আমাদের তাকে প্রয়োজন।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ধারেকাছে নেই বাংলাদেশ, টি–টুয়েন্টির এই রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা
২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯ PM · প্রথম আলো
লাল কার্ড দেখেই ক্ষোভ, প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের
২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০২ AM · প্রথম আলো
এক ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি: রাজ্জাকের পথেই হাঁটছেন তাঁর ছেলে
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯ PM · প্রথম আলো
মেসিকে পুরস্কার ও ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারে’র স্বীকৃতি দিল স্পেন
২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রথম আলো
