এক ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি: রাজ্জাকের পথেই হাঁটছেন তাঁর ছেলে
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯ PM

বাবার মতোই অলরাউন্ডার। বাবা আবদুল রাজ্জাকের মতো ব্যাট–বলে সমানতালে পারফর্ম এখনো করতে পারেননি। তবে আলী রাজ্জাক ব্যাট হাতে এরই মধ্যেই নিজের জাত চিনিয়েছেন।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে একই ম্যাচে ৬৪ ও ১১১ রানের ইনিংস খেলে আলোচনায় এসেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার রাজ্জাকের ছেলে আলী রাজ্জাক।
প্রেসিডেন্টস ট্রফিতে ২২ বছর বয়সী আলী খেলছেন ঘানির হয়ে। শেষ রাউন্ডে তাঁর দলের ম্যাচ ছিল অয়েল অ্যান্ড গ্যাসের বিপক্ষে। সেঞ্চুরিটিও এসেছে চাপের মুহূর্তে।দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল আলীর দল ঘানি। সাতে ব্যাট করতে নেমে সেখান থেকে আরেক অলরাউন্ডার হুসাইন তালাতের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৯ রান যোগ করেন আলী। তালাত করেন ১০৮ রান।
এরপর হাশিবুল্লাহ খানের সঙ্গে সপ্তম উইকেটে আরও ১২০ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত ১৫১ বলে আটটি চার ও ছয়টি ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন আলী। ম্যাচটি শেষ হয় দুই দলের ড্র মেনে নেওয়ার মধ্যে দিয়ে।
এটি প্রথম শ্রেণির ক্রিকেটে আলীর তৃতীয় সেঞ্চুরি, চলতি মৌসুমে দ্বিতীয়। ম্যাচের প্রথম ইনিংসেও সাতটি চার ও দুটি ছক্কায় ৬৪ রান করেছিলেন আলী। তাঁর ব্যাটে ভর করে ঘানি তোলে ২৩২ রান। জবাবে ইমাম-উল-হকের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪১০/৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অয়েল অ্যান্ড গ্যাস।
প্রেসিডেন্টস ট্রফিতে ১১ ইনিংসে আলীর সংগ্রহ ৪৮৩ রান, গড় ৫৩.৬৬। করেছেন দুই সেঞ্চুরি ও তিনটি ফিফটি। ঘানির হয়ে এ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও আলী রাজ্জাক।
চলতি মৌসুমে আলীর প্রথম সেঞ্চুরিটি এসেছিল ফাইনালে ওঠা স্টেট ব্যাংক অব পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে ১০১ রান করলেও ইনিংস ও ১৮ রানে হেরেছিল ঘানি।বাবার মাপের অলরাউন্ডার এখনো হতে না পারলেও পেস বোলিংও করেন আলী। চলতি মৌসুমে সাত ইনিংসে ২৬.৪ ওভার বোলিং করে নেন দুটি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচে তাঁর মোট রান ৯৮৭, গড় ৩৯.৪৮।
এ বছরের শুরুতে ন্যাশনাল টি-টুয়েন্টি কাপেও আলোচনায় এসেছিলেন আলী। টুর্নামেন্টে অভিষেকেই এক ওভারে ২৬ রান তোলেন। লাহোর ব্লুজের হয়ে মুলতান রিজিয়নের বিপক্ষে ২৬ বলে করেছিলেন ৪৫ রান। এবার প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে আবারও নিজের সামর্থ্যের জানান দিলেন রাজ্জাকপুত্র।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মেসিকে পুরস্কার ও ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারে’র স্বীকৃতি দিল স্পেন
২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রথম আলো
টেস্টে ইনিংস ব্যবধানে হার: অস্ট্রেলিয়া কোথায়, বাংলাদেশ কোথায়
২৪ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · প্রথম আলো
ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ২২ ডিসেম্বর
২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৩ AM · প্রথম আলো
