শাহজাদপুর সংবাদ

অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে দেখতে ঢাকায় ছুটে গেলেন মির্জা মোস্তফা জামান

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ PM

অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে দেখতে ঢাকায় ছুটে গেলেন মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দেখতে ঢাকায় ছুটে গেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢাকার উত্তরার আই কেয়ার হসপিটালে গিয়ে চিকিৎসাধীন সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে চান।

সাইদুর রহমান বাচ্চু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই সাইদুর রহমান বাচ্চু শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। তীব্র মাথাব্যথা ও বুকব্যথায় শনিবার রাতে তিনি ঘুমাতে পারেননি। পরদিন রোববার সকালে তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেন হেমারেজ) আশঙ্কার কথা বিবেচনায় নিয়ে রোববার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারী শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

হাসপাতালে গিয়ে মির্জা মোস্তফা জামান সাইদুর রহমান বাচ্চুর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এদিকে সাইদুর রহমান বাচ্চুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জের বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

The post অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে দেখতে ঢাকায় ছুটে গেলেন মির্জা মোস্তফা জামান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ