শাহজাদপুর সংবাদ

অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল

২৫ অক্টোবর, ২০২৬ এ ১:০৫ PM

অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল

মঞ্চে শো চলাকালীন মাঝপথেই বন্ধ করে দেওয়া হলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গায়িকা শিল্পা রাও-এর মাইক। আয়োজকদের এই চরম অব্যবস্থাপনা এবং শিল্পীর প্রতি অসম্মানজনক আচরণের তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছেন অনুরাগীরা। কী বলছেন ‘বেশমর রং’ গায়িকা?

শনিবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ে আয়োজিত ‘বলিউড মিউজিক প্রজেক্ট’এর ১০ম বর্ষপূর্তির অনুষ্ঠানে এই নজিরবিহীন ও অনভিপ্রেত ঘটনা ঘটে।

এমনকি শিল্পার দর্শকদের উদ্দেশে কথা শেষ করার আগেই মঞ্চে শুরু হয়ে যায় পরবর্তী শিল্পীর অনুষ্ঠান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ শিল্পা। ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তিনি।

শিল্পা লেখেন, ‘মুম্বাই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গিয়েছে। এত সুন্দর একটা মুহূর্ত এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটা ভীষণ কষ্টের।’

অনুষ্ঠান শেষ করতে না পারলেও দর্শকদের ভালোবাসায় আপ্লুত হয়েছেন গায়িকা। গান বন্ধ হয়ে যাওয়ার পরও দর্শকেরা তার নাম ধরে ডাকতে থাকেন এবং তাকে সমর্থন জানান।

সেই প্রসঙ্গে শিলপা লেখেন, ‘কিন্তু গান থেমে গেলেও তোমরা থামোনি। তোমাদের কণ্ঠে আমার নাম ধরে ডাকার মধ্যে যে ভালোবাসা ছিল, আমি সবটাই অনুভব করতে পেরেছি। আজ রাতের আমাদের গল্পটা অসম্পূর্ণ থেকে গেল। আমি কথা দিচ্ছি, আবার ফিরে আসবো। মুম্বাই, তোমাদের ভালোবাসি। চিরকাল, চিরদিন।’

শিলপার পোস্টের পর শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে অনুষ্ঠানের আয়োজকেরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে শিল্পীর পারফরম্যান্স এভাবে আচমকা শেষ হয়ে যাওয়ার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি শিল্পা রাওয়ের প্রতি সম্মান ও শ্রদ্ধার কথাও জানান তারা।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বলিউড মিউজিক প্রজেক্টে আমাদের লক্ষ্য সব সময় শিল্পী ও তাদের অনুরাগীদের জন্য এক অসাধারণ লাইভ মিউজিকের অভিজ্ঞতা তৈরি করা।’

শিল্পা রাওয়ের পারফরম্যান্সের আকস্মিক সমাপ্তি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে আয়োজকেরা আরও বলেন, ‘আমরা শিলপা রাওকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। তার অসাধারণ অবদান, অনন্য শিল্পীসত্তা এবং সংগীতজগতে তার গভীর প্রভাবকে আমরা সম্মান করি। আমাদের অনুষ্ঠানে তাকে পেয়ে আমরা সত্যিই সম্মানিত।’

আয়োজকদের দাবি, একাধিক শিল্পীর অংশগ্রহণে বড় মাপের সংগীত উৎসব পরিচালনা করা অত্যন্ত জটিল কাজ। আগের শিল্পীদের পারফরম্যান্স নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হয়ে গেলে পরবর্তী অনুষ্ঠানগুলির সময়সূচিতে সমস্যা তৈরি হতে পারে।

তাদের বক্তব্য, স্থানীয় প্রশাসনের নির্দেশিকা এবং অনুষ্ঠানস্থলের নির্ধারিত সময়সীমা বা কারফিউয়ের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। সন্ধ্যা যত এগিয়েছে, সময়সূচিতে জমতে থাকা বিলম্বের কারণে শিল্পার পারফরম্যান্স আগেভাগেই শেষ করতে হয়েছে।

২০০৭ সালে ‘আনওয়ার’ ছবির ‘তোসে নায়না’ গানের মাধ্যমে প্লেব্যাক সফর শুরু করেন শিল্পা। এরপর ‘খোদা জানে’, ‘ঘুনঘুর’, ‘বুল্লেয়া’ এবং ‘জাওয়ান’ ছবির ‘চালেয়া’ (Chaleya)-র মতো অজস্র মেগাহিট গান উপহার দিয়েছেন তিনি। ‘চালেয়া’ গানের জন্য তিনি শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ