চলে গেলেন ক্যানসার আক্রান্ত মডেল–অভিনেত্রী তুলনা
২৪ অক্টোবর, ২০২৬ এ ৪:৪৫ PM

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসার আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। তুলনার মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর মা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম।
আজ শনিবার দুপুরে আমেনা বেগম প্রথম আলোকে জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তুলনাকে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে।
এরপর বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর ঢাকার আহ্ছানিয়া মিশন হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে অন্য হাসপাতালে নেওয়া হয়। এরপর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ২০ অক্টোবর তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানতে পারেন, তত দিনে তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে।
তুলনার শারীরিক অবস্থার অবনতির বর্ণনা দিয়ে তাঁর মা আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘অপারেশনের পরের দুদিন শারীরিকভাবে বেশ ভালো ছিল। আমাদের সঙ্গে কথা বলেছে। হাসিখুশি ছিল আমার মেয়েটা। গতকাল সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। খুব দ্রুত অবস্থা খারাপ হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর রাত ১১টায় তুলনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।’
মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় নিজের পরিচিতি তৈরি করেছিলেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি। দীর্ঘ কর্মজীবনে দেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনের নানা আয়োজনে যুক্ত ছিলেন এই শিল্পী। ব্যক্তিজীবনের নানা চড়াই–উতরাইয়ের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ছিল তুলনার। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তদের অনেকে শোক প্রকাশ করছেন।
তুলনা আল হারুন দেশের প্রখ্যাত নাট্যকার ও নাট্যনির্দেশক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তাঁর বাবা আবদুল্লাহ আল হারুন জার্মানিতে থাকেন। তুলনারা দুই ভাই ও দুই বোন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গাড়িতে গুলির ঘটনার পর আসিফের স্ত্রী বললেন, ‘কেউ একজন দৌড়ে পালিয়েছে’
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১ PM · প্রথম আলো
আমির খান বললেন, ‘৫৬ বছর বয়সে বুঝেছি, ৮৬ বছরে বুঝলে দেরি হয়ে যেত’
২৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৫ AM · প্রথম আলো
অমিতাভ বচ্চনের সহশিল্পী, ১৪তম জন্মদিনেই বিমান দুর্ঘটনায় মৃত্যু এ অভিনেত্রীর
২৪ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · প্রথম আলো
দুবার স্ট্রোক থেকে ফিরে আলোচিত তারকা, এখন ২৪০ কোটি টাকার মালিক
২৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
