অনুরাগের সঙ্গে প্রেম নিয়ে শুভ্রা বললেন...
২১ আগস্ট, ২০২৬ এ ৯:৩০ AM

পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে শুভ্রা শেঠির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। তাঁদের বয়সের ব্যবধান নিয়েও অনেক কথা হয়েছে। দুজনের বয়সের ব্যবধান প্রায় ২০ বছর। তবে বয়সের এই ফারাক তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি; বরং এবার অনুরাগের সঙ্গে নিজের পরিবারের সম্পর্ক নিয়ে বেশ মজার কিছু তথ্য জানিয়েছেন শুভ্রা।
সম্প্রতি জনিস সেকুইয়েরার সঙ্গে এক আলাপচারিতায় শুভ্রা জানান, অনুরাগের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানার পর মা–বাবাকে আলাদা করে রাজি করাতে হয়নি; বরং তাঁরা নিজেরাই অনুরাগের সঙ্গে দেখা করেছেন এবং তাঁকে নিজেদের মতো করে বুঝেছেন।
শুভ্রার ভাষ্যে, তাঁর মা অনুরাগকে মজা করে ‘বকরা’ বলে ডাকেন। শুভ্রা বলেন, ‘আমার মা–বাবা আমাকে খুব ভালোভাবে বড় করেছেন। তাঁদের রাজি করাতে আমাকে কিছুই করতে হয়নি। তাঁরা নিজেরাই অনুরাগের সঙ্গে দেখা করেছেন।’
‘তখন অনুরাগকে জীবনের সেরা সময়ে পেয়েছিলাম’
অনুরাগের সঙ্গে প্রথম পরিচয় ও সম্পর্কের শুরু কীভাবে, সেটিও জানিয়েছেন শুভ্রা। তাঁর সঙ্গে অনুরাগের ঘনিষ্ঠতা তৈরি হয় ‘বোম্বে ভেলভেট’ মুক্তির আগে–পরে। সেই সময় অনুরাগকে বেশ ফুরফুরে মেজাজে দেখেছিলেন শুভ্রা।
শুভ্রা বলেন, ‘তখন সে খুব ভালো একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। খুব ফিট ছিল, খুশি ছিল, বই পড়ত, সিনেমা দেখত। এসব বিষয় নিয়েই আমাদের বন্ধুত্ব তৈরি হয়।’অনুরাগ নাকি প্রায়ই শুভ্রাকে বলতেন, কয়েক বছর আগে তাঁর সঙ্গে দেখা হলে শুভ্রা হয়তো তাঁকে প্রেমিক হিসেবে বেছে নিতেন না। তবে শুভ্রা সেই কথা মানতে নারাজ।শুভ্রার কথায়, ‘সে বলত, আমি যদি কয়েক বছর আগে তার সঙ্গে দেখা করতাম, তাহলে তাকে ডেট করতাম না। কিন্তু আমার তা মনে হয় না। আমি বরং এমন একটা ছোট্ট সোনালি সময়ে তাকে পেয়েছিলাম, যখন সে নিজের সেরা অবস্থায় ছিল।’
একই প্রতিষ্ঠানে কাজ
শুভ্রা কাজ করেছেন ফ্যান্টম ফিল্মসে। অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে, বিকাশ বহেল ও মধু মানতেনা মিলে প্রযোজনা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। শুভ্রা সেখানে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন।
তবে সম্পর্ক নিয়ে যাতে পেশাগত ভুল ধারণা তৈরি না হয়, সেটিও পরিষ্কার করেছেন শুভ্রা। তিনি জানিয়েছেন, অনুরাগ প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও তিনি সরাসরি অনুরাগের অধীনে কাজ করতেন না।
অনুরাগ ও শুভ্রার সম্পর্কের শুরুতে অনুরাগ নিজেও বয়সের ব্যবধান নিয়ে বেশ সচেতন ছিলেন। পরিচালক জানান, শুভ্রার প্রতি তাঁর আকর্ষণ ছিল স্পষ্ট, যদিও বিষয়টি শুভ্রা তখন বুঝতে পারেননি।
অনুরাগ বলেন, ‘বয়সের ব্যবধান নিয়ে আমি খুব সচেতন ছিলাম। এটা খুব স্পষ্ট ছিল যে আমার ওর ওপর ক্রাশ ছিল। কিন্তু ও সেটা জানত না।’
শুভ্রার সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করতেও অনুরাগকে বেশ কৌশলী হতে হয়েছিল। তিনি জানান, শুভ্রা অফিসে না থাকলে তিনি অফিসে যেতে চাইতেন না। পরে শুভ্রাকে বাইরে যাওয়ার প্রস্তাব দেওয়ার জন্য তাঁর বন্ধুদেরও সঙ্গে আসতে বলেন।তবে প্রথম ‘ডেট’ যে একেবারে রোমান্টিক পরিবেশে হয়নি, সেটিও মজার করে জানিয়েছেন শুভ্রা। তাঁর ভাষায়, প্রথমবার তাঁরা একা ছিলেন না; অনুরাগের বন্ধুরা এবং তাঁর ১৩ বছর বয়সী মেয়ে আলিয়া কশ্যপও সেখানে ছিল। সেই সময় অনুরাগ মেয়ের পেছনে ছুটছিলেন।
অনুরাগের আগের দুই বিয়েশুভ্রার সঙ্গে সম্পর্কের আগে অনুরাগের ব্যক্তিজীবনে ছিল দুটি বিয়ে। ১৯৯৭ সালে সম্পাদক আরতি বাজাজকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে জন্ম নেয় মেয়ে আলিয়া কশ্যপ। ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
এরপর অভিনেত্রী কালকি কোয়েচলিনকে বিয়ে করেন অনুরাগ। ২০১১ সালে তাঁদের বিয়ে হয়। তবে সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। চার বছর পর, ২০১৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
এরপর শুভ্রার সঙ্গে অনুরাগের সম্পর্ক প্রকাশ্যে আসে।
এনডিটিভি অবলম্বনে
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
‘তাঁকে হারানোর বেদনা নিজের অভিভাবক হারানোর মতো’, নায়করাজ স্মরণে শাকিব খান
২১ আগস্ট, ২০২৬ এ ৩:৪৫ PM · প্রথম আলো
সালমানের ‘কালা হিরণ’ নিয়ে নতুন মোড়, সুপ্রিম কোর্টে প্রযোজক
২১ আগস্ট, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
‘ডিপজলকেও ডাকা দরকার’, ‘ডলি জহুর আসামি হতে পারে’, আরও যা বললেন সালমান শাহর মা
২১ আগস্ট, ২০২৬ এ ১০:৪৫ AM · প্রথম আলো
‘মৃত্যুর আগের কয়েক মাস রাহুলের সঙ্গে আমার প্রেম ছিল’, দাবি মৌমিতার
২০ আগস্ট, ২০২৬ এ ৮:৪০ PM · রাইজিংবিডি
