শাহজাদপুর সংবাদ

১১ পশ্চিমা দেশের মহড়ার মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র–ড্রোন আছড়ে পড়ল পোল্যান্ডে

২১ নভেম্বর, ২০২৬ এ ১০:৩০ AM

১১ পশ্চিমা দেশের মহড়ার মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র–ড্রোন আছড়ে পড়ল পোল্যান্ডে

পোল্যান্ডের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জেট ইঞ্জিনচালিত একটি ড্রোন তাঁদের দেশের ভূখণ্ডে আছড়ে পড়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলা চলার সময় এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন পোল্যান্ডে আঘাত হানে।

এমন এক সময় পোল্যান্ডে এ ক্ষেপণাস্ত্র–ড্রোন আঘাত হানার খবর জানা গেল, যখন দেশটির পশ্চিমা মিত্ররা বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র–ড্রোন আঘাত হানে। ঘটনাটি ঘিরে মস্কোর বিরুদ্ধে ইচ্ছাকৃত উসকানির অভিযোগ তুলেছে পোল্যান্ড।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০২২ সালে তাঁদের দেশে রুশ বাহিনী সর্বাত্মক হামলা শুরু করার পর ‘সবচেয়ে বড়’ হামলাগুলোর একটি চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনে অন্তত ৮ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের বহু শহর ও অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। লক্ষ্যবস্তুর প্রায় সবই সাধারণ বেসামরিক অবকাঠামো। এসবের ওপর মানুষের জীবন সত্যিকার অর্থেই নির্ভর করে।

চীনে তিন বিশ্বনেতার (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) বৈঠককে ‘বেশ দুর্বল’ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। তিনি বলেন, দুর্বল বৈঠকের পরই পুতিন এ হামলা চালিয়েছেন।

জেলেনস্কির অভিযোগ, পুতিন ‘কোনোভাবে বিশ্বের মানচিত্র নতুন করে আঁকার চেষ্টা করেও ব্যর্থ’ হয়েছেন।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানান, তিনবার দেশটির আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘটনাটি মোটেও কাকতালীয় নয়—মন্তব্য করেন ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। তিনি বলেন, এমন এক সময় এ ঘটনা ঘটেছে, যেদিন পশ্চিমা দেশগুলো বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। যুক্তরাজ্যসহ ১১টি দেশের সেনারা মহড়ায় অংশ নিচ্ছে।

দক্ষিণ–পূর্ব পোল্যান্ডের ভি লিপোভিয়েৎস, মোওয়োদিচ ও রুদনিক নাদ সানেম এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র–ড্রোন আঘাত হেনেছে। জায়গাগুলো পশ্চিমাদের মহড়াস্থল নোভা দেম্বা থেকে ৩০ থেকে ৬০ মাইল দূরে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এ ঘটনাকে রাশিয়ার ‘ইচ্ছাকৃত উসকানি’ বলেছেন। তিনি জানান, ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে তাঁর কথা হয়েছে। আজ শনিবার ন্যাটো মহাসচিবের ওয়ারশ সফরে যাওয়ার কথা রয়েছে।

ডোনাল্ড টাস্ক বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এ আঘাত ‘কাকতালীয় মনে হচ্ছে না’ বলে তিনি ও ন্যাটোর মহাসচিব একমত হয়েছেন।

‘ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে পোল্যান্ডের অংশ নেওয়া কেন জরুরি, এ ঘটনা তা আগের যেকোনো সময়ের চেয়ে স্পষ্ট করে দেখিয়েছে’, বলেন টাস্ক। তিনি আরও বলেন, ‘এ ঘটনা স্পষ্ট করে দিয়েছে, সামনের মাসগুলো নিশ্চিতভাবে আমাদের সবার জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ