১০ বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:৪০ AM

কর্দোবায় কোস্টারিকাকে ৭–০ গোলে হারিয়ে ২০২৬ সাল শেষ করেছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল ইতিহাসে এক ম্যাচে অন্তত ৭ গোল করার ঘটনা এ নিয়ে ১৭তমবার। তবে এই জয়ের আরেকটি তাৎপর্য আছে। ২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর কোচ লিওনেল স্কালোনির অধীন এটিই যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের জয়।
এর আগে গত মাসে মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষেও ৭–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। যদিও সেই ম্যাচে আফ্রিকার দলটি তাদের নিয়মিত খেলোয়াড়দের বেশির ভাগকে খেলায়নি; মাঠে নামিয়েছিল মূলত অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের।
২০২৩ সালের ২৯ মার্চ কুরাসাওয়ের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেদিন জাতীয় দলের জার্সিতে শততম গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। স্কালোনির আগে ২০১৪ ও ২০১৫ সালেও যথাক্রমে হংকং ও বলিভিয়ার বিপক্ষে ৭–০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।
নিজেদের ইতিহাসে সব মিলিয়ে ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে ৭ গোল করেছে আর্জেন্টিনা। তবে ৭ গোলের এসব জয়ও আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বড় জয়ের ধারেকাছে নেই।
সেই রেকর্ডের বয়স ৮৪ বছর। ১৯৪২ কোপা আমেরিকায় ইকুয়েডরকে ১২–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। অফিশিয়াল ম্যাচে জাতীয় দলটির ইতিহাসে সেটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়। ম্যাচটিতে একাই ৫ গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো। প্রতিভার বিচারে যাঁকে পেলে ও ম্যারাডোনার সমতুল্য মনে করেন অনেকে। কোপা আমেরিকার ইতিহাসে ৫০০তম গোলটিও এসেছিল তাঁর পা থেকে। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড এরমিনিও মাসানতোনিও করেছিলেন ৪ গোল।
আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ১৯৭৫ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে পাওয়া ১১–০ গোলের জয়। এর আগে ১৯২৮ অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে ১১–২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেটিও দেশটির ফুটবল ইতিহাসের বড় জয়গুলোর একটি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও
১৮ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM · প্রথম আলো
কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’
১৮ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৯ AM · প্রথম আলো
জাদুঘরে ‘শরীরের একটি অংশ’ দিয়ে যত্ন নিতে বললেন টেন্ডুলকার
১৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · প্রথম আলো
‘একটু অসতর্ক হলেই তারা সুযোগ নেবে’— পাকিস্তানকে ভয় ভারত কোচের
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:৫১ AM · প্রথম আলো
