শাহজাদপুর সংবাদ

হ্রদের পানি বেড়েছে, চার দিন পর আবার খোলা হলো কাপ্তাই বাঁধ

১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM

হ্রদের পানি বেড়েছে, চার দিন পর আবার খোলা হলো কাপ্তাই বাঁধ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়েছে। এই অবস্থায় আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ে)। আজ শুক্রবার সকাল আটটার দিকে এসব জলকপাট খুলে দেওয়া হয়।

​কাপ্তাইয়ের কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে বর্তমানে পানি রয়েছে ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। পানি আরও বাড়লে জেলার বিভিন্ন নিচু এলাকায় ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই কাপ্তাই বাঁধের জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৬ দশমিক শূন্য ১ ফুটে পৌঁছালে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। পরে ৩ ফুট করে জলকপাট খুলে দেওয়া হয়েছিল। পানি কমার কারণে গত রোববার জলকপাট বন্ধ করে দেওয়া হয়। তবে এর চার দিন পর আবারও পানি বাড়ার পরিপ্রেক্ষিতে জলকপাট খুলে দেওয়া হয়েছে।

কাপ্তাইয়ের কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুট এমএসএলে নেমে এলে আবারও বাঁধের জলকপাট বন্ধ করে দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ