শাহজাদপুর সংবাদ

হ্যাজলউড, বোল্যান্ড আর ইংলিসের সঙ্গে ম্যাকাইয়ে দারুণ সকাল

১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৫৪ AM

হ্যাজলউড, বোল্যান্ড আর ইংলিসের সঙ্গে ম্যাকাইয়ে দারুণ সকাল

ম্যাকাইয়ে এত সুন্দর সকাল আগে দেখিনি! দেখার সুযোগও ছিল না অবশ্য। কাল রাতে জীবনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এই শহরে এসে প্রথম সকাল দেখলামই তো আজকে!

রাতে কনকনে ঠান্ডা ছিল, কিন্তু দিনে আরামের রোদ। দুপুরে তেজ একটু বাড়ল বটে, তবে আরাম নষ্ট হলো না। সকালটা সুন্দর হয়ছে অবশ্য শুধু আবহাওয়ার কারণে নয়। সেটির জন্য বড় একটা ধন্যবাদ প্রাপ্য মাইকেল জেমস নামের এক ভদ্রলোকের, যিনি ফিলিপ স্ট্রিটে আমার মোটেলের খুব কাছেরই একটি জিম কাম হেলথ ক্লাবের সহপ্রতিষ্ঠাতা। ফিটনেস কার্টল হেলথ ক্লাবস; সংক্ষেপে এফসি।

আজ সকালে এখানেই জিম করেছে বাংলাদেশ দল, জিম শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পেসার শরীফুল ইসলাম। ডারউইন টেস্টে না খেললেও সেই জয় তাঁকে কীভাবে আবেগাপ্লুত করেছিল, সেই গল্প বলেছেন স্বল্পভাষী শরীফুল।

তার আগে মাইকেল জেমসের সৌজন্য এফসিতে যা যা ঘটল, তার জন্য ঠিক প্রস্তুত ছিলাম না। সাংবাদিক, বাংলাদেশ থেকে এসেছি টেস্ট সিরিজ কাভার করতে...এটুকু বলার পরই মনে হলো, জেমস বোধ হয় প্রথম আলোতেই আমার কোনো সহকর্মী অথবা প্রথম আলোর ম্যাকাই প্রতিনিধি!

বাংলাদেশ দলের প্রশংসা করে ডারউইন টেস্টে জয়ের জন্য অভিনন্দন জানালেন জেমস। এরপর বাংলাদেশ দল জিমে আসার আগেই আমাকে নিয়ে গেলেন জিমের একেবারে শেষ প্রান্তে, যেটি আগে থেকে নির্দিষ্ট করা ছিল বাংলাদেশ দলের ‘ওয়ার্কআউটের’ জন্য। অন্দরসজ্জার বিশেষত্ব, আধুনিক প্রযুক্তির ব্যায়ামের সরঞ্জামাদি, রিকভারি পুল, আলাদা করে মাটিতে বসানো রানিং ম্যাট—দেখাতে বাদ রাখলেন না কিছুই।

কিছু সময় সামনে থেকে দেখার সুযোগ হয়েছে জিমে বাংলাদেশের ক্রিকেটারদের ‘ওয়ার্কআউট’ও। তবে হাতে পেলেও সব সুযোগ নিতে নেই। ক্রিকেটারদের ‘প্রাইভেসি’ বলে একটা ব্যাপার তো থাকেই। তাই অল্প কিছু সময় থেকেই ওখান থেকে সরে এসেছি।বাংলাদেশ দল আসার আগে জিম ঘুরিয়ে দেখানোর একফাঁকে জেমস হাতের ইশারায় একটা কোনার দিকে দেখিয়ে বললেন, ‘দেখো, ওরাও এসেছে...।’ ওরা মানে অস্ট্রেলিয়া দলের তিন ক্রিকেটার জশ হ্যাজলউড, জশ ইংলিস আর স্কট বোল্যান্ড। অস্ট্রেলিয়ার আজ ছিল ঐচ্ছিক অনুশীলন। কেউ সেখানে গেছেন, কেউ হোটেলে থেকে গেছেন, আর এই তিনজন জিম করতে এসেছেন এফসিতে।

৯ মাস আগে চালু হওয়া এফসি এ মুহূর্তে ম্যাকাইয়ের সবচেয়ে বড় জিম। অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা ম্যাকাইয়ে এলে জিম করতে এখানেই আসেন এখন। কথা প্রসঙ্গে জানলাম, জেমস একসময় টুকটাক ক্রিকেট খেলেছেন। ভালো বন্ধুত্ব আছে অস্ট্রেলিয়া দলের অনেকের সঙ্গেই। একটু পর সেটার প্রমাণ পেলাম, যখন দেখলাম জশ হ্যাজলউড নিজ থেকে এসে কথা বলছেন জেমসের সঙ্গে।

কথা সব ক্রিকেট নিয়েই। ডারউইন টেস্টের হার, যেটির ব্যাপারে হ্যাজলউডের মনোভাব ‘একটা খারাপ ম্যাচ হয়ে গেছে’ জাতীয়ই মনে হলো। তবে ম্যাকাই টেস্ট নিয়ে তাঁর আশাটা বড়, আর সেটার কারণ এখানকার উইকেট ও কন্ডিশন।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ মাঠে একটি ওয়ানডে খেলেছেন হ্যাজলউড, ঘরোয়া ক্রিকেটেও খেলে থাকবেন। সে অভিজ্ঞতা থেকে বলা অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের কথাটা সরাসরিই লিখে দেওয়া যায় এখানে, ‘ডারউইনের তুলনায় ম্যাকাইয়ের উইকেট আমাদের জন্য বেশি ভালো হবে। এখানে পেস, বাউন্স অনেক বেশি থাকবে। লম্বা বোলাররা ভালো করবে। সকালের দিকে বলে বেশ মুভমেন্টও থাকতে পারে।’ আর বললেন ম্যাকাইয়ের বাতাসের কথা, ‘দেখতেই পাচ্ছেন, বাতাস কেমন এখানে! ম্যাচে এটারও প্রভাব থাকবে।’ জেমসের সঙ্গে হ্যাজলউডের কথাবার্তা আরও হয়েছে। ব্যক্তিগত আলাপ, তাই পাশে দাঁড়িয়ে নীরব স্রোতা হয়েই থেকেছি তখন।

জিমের অন্যদিক ঘুরেটুরে একটু পর রিকভারি পুলে গিয়েও পেলাম তাঁদের তিনজনকে। ব্যায়ামের পর ক্লান্তি দূর করতে গা ভাসিয়ে দিয়ে আছেন ছোট্ট পুলের পানিতে। ততক্ষণে চেহারা চেনা হয়ে গেছে বলেই কিনা একেবারে ‘প্রাইভেট এরিয়া’তে আমাকে দেখেও তাঁদের মধ্যে কোনো অস্বস্তি আসেনি।

বাংলাদেশের মতো ক্রিকেটারদের কাছে পেলে সেলফিশিকারির অভাব হয় না অস্ট্রেলিয়াতেও। অস্ট্রেলিয়া দলের এই তিন ক্রিকেটারকেই যেমন মেটাতে হয়েছে এফসির কর্মচারী এবং এখানে জিম করতে আসা সাধারণ মানুষদের সেলফির আবদার। কাছে দাঁড়িয়ে থাকায় ‘শিকারি’রা প্রথম আমার হাতে ফোন দিয়েই ছবি তোলালেন। কিন্তু হ্যাজলউডের দেখা গেল নিজে ‘সেলফি’ তোলার ব্যাপারে বিশেষ আগ্রহ। দূর থেকে ছবি তুলে দেওয়ার পরও সবার সঙ্গেই আবার ফোন হাতে নিয়ে সেলফি তুলেছেন। বোল্যান্ড আর ইংলিস তাতে বেশ মজাই পাচ্ছিলেন।

হ্যাজলউডের কাছ থেকে এই খাতির আমিও পেয়েছি অবশ্য। মাইকেল জেমসের সৌজন্য সংক্ষিপ্ত কথাবার্তার পর ছবি তুলতে চাইলে হ্যাজলউড নিজেই নিয়ে নিলেন আমার ফোন। মুখে হাসি ফুটিয়ে এবং আমাকেও হাসতে বলে ছবি তুলে দিলেন নিজের সঙ্গে। জিমের আলো-আঁধারির মধ্যেও ছবিটা খারাপ আসেনি।

বোঝা গেল, লম্বা বোলাররা আসলে সেলফিও ভালো তোলেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ