শাহজাদপুর সংবাদ

সোলার প্যানেলের নিচে উৎপাদিত হবে ফসল

৪ অক্টোবর, ২০২৬ এ ২:৩০ PM

সোলার প্যানেলের নিচে উৎপাদিত হবে ফসল

একই জমিতে একই সঙ্গে ফসল ফলানো এবং সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে গবেষণা করছেন সুইডেনের একদল গবেষক। সেল রিপোর্টস ফিজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত একটি সমীক্ষায় সুইডেনের ম্যালারডালেন বিশ্ববিদ্যালয়ের গবেষক সিলভিয়া মা লু এবং তাঁর দল আংশিক স্বচ্ছ ও ম্যাজেন্টা রঙের সোলার প্যানেলের আদিরূপ বা প্রোটোটাইপ তৈরির তথ্য জানিয়েছেন। বিশেষ এই প্যানেল উদ্ভিদের প্রয়োজনীয় লাল ও নীল রঙের আলোক তরঙ্গ নিচে পৌঁছাতে সাহায্য করে, পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনেও ভূমিকা রাখে।

গবেষকদের তথ্যমতে, উদ্ভিদ মূলত আলোর লাল ও নীল অংশকে কাজে লাগিয়ে শক্তি তৈরি করে। এ ধারণাকে কাজে লাগিয়ে ম্যাজেন্টা রঙের সোলার প্যানেল তৈরি করা হয়েছে, যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় আলো প্রবেশ করতে সহায়তা করার পাশাপাশি বিদ্যুৎ উৎপন্ন করে। গবেষণায় ব্রকলি চাষের মাধ্যমে এই প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। গবেষকেরা ২০ বর্গমিটারের তিনটি আলাদা প্লটে ব্রকলি চাষ করেন। একটি স্বাভাবিক রোদে, অন্য দুটি ৫০ শতাংশ এবং ৭০ শতাংশ স্বচ্ছতা সম্পন্ন ম্যাজেন্টা সোলার প্যানেলের নিচে।

পরীক্ষায় দেখা গেছে, দুটি ভিন্ন স্বচ্ছতার প্যানেলের নিচে উৎপাদিত ব্রকলির ফলন প্রায় একই রকম হয়েছে। যদিও প্যানেলের নিচে থাকা ব্রকলি পরিপক্ব হতে স্বাভাবিকের চেয়ে ২৫ দিন বেশি সময় নিয়েছে, তবে কম আলো পাওয়ার পরও সেগুলো ভালোভাবে বেড়ে উঠেছে। ৫০ শতাংশ স্বচ্ছ প্যানেলের নিচে আলোর কার্যকারিতা ৪ দশমিক ৫ গুণ এবং ৭০ শতাংশ স্বচ্ছ প্যানেলের নিচে ২ দশমিক ৮ গুণ বেশি পাওয়া গেছে। প্যানেলগুলোর কাচের ভেতরে অস্বচ্ছ ক্যাডমিয়াম টেলুরাইড স্ট্রিপ যুক্ত থাকায় এর মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে।

তবে এই গবেষণায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ম্যাজেন্টা প্যানেলগুলো মূলত ভবনের নান্দনিক নকশার জন্য তৈরি করা হয়েছিল, যা এই গবেষণায় ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্যানেলগুলোর ফিল্টার সবুজ আলো আটকে দিলেও সেই শক্তির পুরোটা সোলার সেল দ্বারা সংগ্রহ করা সম্ভব হয় না।

এ বিষয়ে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের গবেষক রমেশ রায়দু জানান, প্রচলিত সোলার প্যানেলের তুলনায় এই ম্যাজেন্টা প্যানেলগুলো হেক্টরপ্রতি কম বিদ্যুৎ উৎপাদন করে। ফলে উৎপাদিত বিদ্যুতের ঘাটতি পুষিয়ে নিতে অতিরিক্ত ব্রকলির ফলন পাওয়া যাবে কি না, তা যাচাই করার জন্য আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন। তবে ছোট আকারের কমিউনিটি গার্ডেন বা গ্রিনহাউসের ছাদে এই প্রযুক্তি এখনই কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।সূত্র: সায়েন্স অ্যালার্ট

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ