সিরাজগঞ্জ শহরে অচল সিসিটিভি, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:০০ PM

একসময় সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক আর অলিগলিতে চোখ রাখত সিসিটিভি ক্যামেরা। কোনো অপরাধ ঘটলেই ফুটেজ দেখে অপরাধীর গতিবিধি শনাক্ত করার সুযোগ ছিল পুলিশের। কিন্তু সময়ের সঙ্গে সেই প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা এখন অনেকটাই মুখ থুবড়ে পড়েছে।
অধিকাংশ সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকায় কার্যত নজরদারির বাইরে চলে গেছে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। ফলে চুরি, ছিনতাই, মারামারি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ে বাড়ছে মানুষের উদ্বেগ। অপরাধের পর ঘটনাস্থলের আশপাশে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের ক্যামেরা থাকলে সেটির ফুটেজ সংগ্রহ করেই তদন্ত এগিয়ে নিতে হচ্ছে পুলিশকে। কিন্তু সব জায়গায় ব্যক্তিগত ক্যামেরা না থাকায় অনেক ঘটনার রহস্য উদ্ঘাটন কঠিন হয়ে পড়ছে।
প্রায় দুই লাখ মানুষের বসবাস এই জেলা শহরে। অথচ শহরের নিরাপত্তায় সরকারি সিসিটিভি ব্যবস্থাটি যদি অচল থাকে, তাহলে অপরাধীরা অনেকটা ‘খোলা মাঠ’ পেয়ে যায়-এমনটাই মনে করছেন স্থানীয়রা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ২০২১ সালে জেলা পুলিশের উদ্যোগে শহরের ৬৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০০টি উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ২৪ ঘণ্টা এসব ক্যামেরা পর্যবেক্ষণ করা হতো।
সিসিটিভি চালুর পর বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যামেরার ফুটেজ। অনেক মামলায় অপরাধীদের শনাক্ত করতে পুলিশের কাছে এসব ফুটেজ হয়ে ওঠে অন্যতম প্রধান প্রমাণ।
কিন্তু কয়েক বছরের মধ্যেই চিত্র পাল্টে যায়। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে একে একে নষ্ট হতে থাকে ক্যামেরাগুলো। কোথাও ক্যামেরা বিকল হয়েছে, কোথাও আবার চুরি বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বর্তমানে শহরের বড় একটি অংশই সিসিটিভি নজরদারির বাইরে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাতের বেলায় শহরের অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় পর্যাপ্ত নজরদারির বাইরে থাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে নারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ বেশি।
স্থানীয় বাসিন্দা মো. তাজউদ্দিন আহমেদ বলেন, শহরে এত মানুষ, এত দোকানপাট অথচ নিরাপত্তার জন্য যে ক্যামেরাগুলো থাকার কথা, সেগুলোই যদি কাজ না করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? কোনো ঘটনা ঘটলে পরে তদন্ত করে লাভ কী, অপরাধ ঘটার আগেই তো নজরদারি দরকার।
মো. শাহরিয়ার হোসেন শিপু নামের আরেক বাসিন্দা বলেন, সিসিটিভি শুধু অপরাধী ধরার জন্য নয়, অপরাধ ঠেকানোরও একটা বড় মাধ্যম। কোনো এলাকায় ক্যামেরা আছে জানলে অপরাধীরা অনেক সময় সেখানে অপরাধ করতেও ভয় পায়। তাই দ্রুত শহরের সব গুরুত্বপূর্ণ জায়গায় নতুন ক্যামেরা বসানো দরকার।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির কর্নেল বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি ছিনতাই ও রাহাজানির মতো অপরাধে দ্রুত বিচার বা সংক্ষিপ্ত বিচার কার্যকর করা গেলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া যাবে।
ব্যবসায়ীরাও বলছেন, নিরাপদ ব্যবসায়িক পরিবেশের জন্য কার্যকর সিসিটিভি নেটওয়ার্ক অত্যন্ত জরুরি। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, একটি নিরাপদ ও আধুনিক শহর গড়তে সিসিটিভি নেটওয়ার্কের বিকল্প নেই। প্রয়োজন হলে এই উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ী সমাজও সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত।
তবে আশার কথা শুনিয়েছে জেলা পুলিশ। শহরের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ। তিনি জানান, সিরাজগঞ্জ শহরে আধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন জানান, দীর্ঘদিন অচল থাকা সিসিটিভি নেটওয়ার্ক পুনর্গঠন এবং নতুন ক্যামেরা স্থাপনে জেলা পুলিশ, জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
নগরবাসীর প্রত্যাশা, শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। কারণ একটি শহরকে নিরাপদ রাখতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল যথেষ্ট নয়; আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারও এখন সময়ের দাবি।
ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
‘বেতন দেওয়াও কঠিন হতে পারে’, মন্ত্রীর বক্তব্যে নতুন আলোচনা
১৭ আগস্ট, ২০২৬ এ ১২:২৫ AM · বাংলা ট্রিবিউন
যে কারণে সরকারদলীয় এমপির গাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত লোকজন
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:৩৪ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নিঃস্ব বহু পরিবার, চলছে ত্রাণ বিতরণ
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:১৯ PM · Alokito Bangladesh
কাজিপুরে গাঁজা সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড
১৬ আগস্ট, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৭:৫৮ PM · Bd24live
