সিরাজগঞ্জ থেকে বিদেশ, প্রবাসী আয়ে সচল স্থানীয় অর্থনীতি
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM

সিরাজগঞ্জ থেকে প্রতিবছর হাজারো মানুষ ভাগ্য বদলের আশায় পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। কারও ভাগ্যে মিলছে কাঙ্ক্ষিত সাফল্য, আবার অনেকে দালালের খপ্পরে পড়ে হারাচ্ছেন সর্বস্ব।
সিরাজগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩৭ হাজার ৮০৩ জন। গড়ে প্রতিবছর সাত হাজারের বেশি মানুষ নিবন্ধন করলেও সাম্প্রতিক সময়ে তা আরও বেড়েছে।
শুধু ২০২৫ সালে সিরাজগঞ্জ থেকে বিদেশ যাওয়ার জন্য আবেদন করেছেন ১০ হাজার ৩৮২ জন, যাদের মধ্যে পুরুষ ১০ হাজার ২০২ জন এবং নারী ১৮০ জন। একই বছরে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন ১০ হাজার ৪৯৪ জন, যার মধ্যে ১০ হাজার ৫৭ জন পুরুষ এবং ৪৩৭ জন নারী।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক অর্থবছরে সিরাজগঞ্জে রেমিট্যান্স এসেছে ১৫৫ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা। গড়ে প্রতি মাসে সিরাজগঞ্জে প্রবাসীরা পাঠাচ্ছেন প্রায় ১৫৮ কোটি টাকা।
বিদেশে কর্মসংস্থান পাওয়া অনেকের পরিবারে এসেছে স্বচ্ছলতা। কিন্তু এই বিদেশযাত্রার পেছনে অনেকের রয়েছে এনজিও বা ব্যাংক ঋণ, আবার কারো শেষ সম্বল জমি বিক্রির গল্প।
বিদেশফেরত মো. নুর আলম বলেন, ‘বিদেশ সবার জন্য সুখকর নয়। কেউ ভালো চাকরি পেয়ে ভালো আয় করেন, আবার অনেকে গিয়ে বিপদে পড়েন। বিশেষ করে দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি অনেক বেশি।’
বাস্তবতার সঙ্গে স্বপ্নের অমিলের কথা জানান আরেক বিদেশফেরত মো. আলমাছ। তিনি বলেন, ‘দালালেরা বিদেশে ভালো চাকরি, বেশি বেতন ও উন্নত জীবনের কথা বলে বড় অঙ্কের টাকা নেয়। কিন্তু বিদেশে যাওয়ার পর দেখা যায়, যে চাকরির কথা বলা হয়েছিল সেটি নেই। বেতন কম, থাকার পরিবেশও ভালো নয়।’
সংশ্লিষ্টদের মতে, নিরাপদ অভিবাসনের সবচেয়ে বড় বাধা দালালচক্র। প্রত্যন্ত অঞ্চলের মানুষ সরকারি প্রক্রিয়া সম্পর্কে তথ্য না পেয়ে তাদের ওপর নির্ভর করেন।
নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সিরাজগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মু. আব্দুল হান্নান বলেন, ‘নিবন্ধন করে যারা বিদেশে যাচ্ছেন, তারা প্রত্যেকেই জেলার একজন করে রেমিট্যান্স যোদ্ধা। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামীদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালের ওপর নির্ভর না করে সরকারি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ, কাগজপত্র ও চাকরির তথ্য যাচাই করলে প্রতারণার ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।’
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে তৃশা ট্রাভেলস এন্ড ট্যুরস এঁর উদ্বোধন অনুষ্ঠিত
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নানা আয়োজনে সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অল্পদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০২ PM · Alokito Bangladesh
