সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলাকে হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৮ AM

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
আজ রোববার এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
চাঁদাবাজির কারণে গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এই হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। তিনি রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।
এবি পার্টির ওহাব মিনার ও আসাদুজ্জামান ফুয়াদের যৌথ বিবৃতিতে বলা হয়, এটি নিছক কোনো বিচ্ছিন্ন অপরাধের ঘটনা নয়। এটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।
বিবৃতিতে এবি পার্টির এই দুই নেতা বলেন, চাঁদার দাবিতে যদি সশস্ত্র দুর্বৃত্তরা প্রকাশ্যে এমন তাণ্ডব চালানোর সাহস পায়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা চাইবে কার কাছে? রাজধানীতেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
যৌথ বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের গণ–আকাঙ্ক্ষা ছিল ভয়, দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের অবসান। অথচ সেই আন্দোলনের পরও যদি নতুন পরিচয়ে একই ধরনের দখলদারি ও সন্ত্রাস ফিরে আসে, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
অভিযোগ আমলে নিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে আহ্বান জানিয়েছেন এবি পার্টির এই দুই নেতা। তাঁরা বলেছেন, রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের পরিত্রাণের সুযোগ নেই।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ AM · বাংলা ট্রিবিউন
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি বাসদের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৩ AM · বাংলা ট্রিবিউন
‘ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন’, যে কারণে বললেন জামায়াত আমির
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৯ PM · বাংলা ট্রিবিউন
জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান, অনেক নেতা-কর্মী আটক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩০ PM · প্রথম আলো
