শাহজাদপুর সংবাদ

সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত, পরে ব্যাগে ভরে হাসপাতালে বৃদ্ধ

২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯ PM

সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত, পরে ব্যাগে ভরে হাসপাতালে বৃদ্ধ

নড়াইল সদর উপজেলায় সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত হয়েছেন গোলাম রব্বানী (৬২) নামের এক ব্যক্তি। গতকাল সোমবার দুপুরে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিজেই সাপটি ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা নিতে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

গোলাম রব্বানী বুড়িখালী এলাকার বাসিন্দা। তিনি কৃষিকাজের পাশাপাশি শখের বশে সাপ ধরেন এবং খেলা দেখান।

গোলাম রব্বানী ও তাঁর পরিবারের সদস্যরা বলেন, গতকাল দুপুরে গোলাম রব্বানীর প্রতিবেশী চাচা হান্নান খানের বাড়ির রান্নাঘরে দুটি গোখরা সাপ দেখতে পান বাড়ির লোকজন। পরে সাপ ধরতে রব্বানীকে ডাকা হয়। এর আগেই সেখানে উপস্থিত লোকজন একটি সাপ মেরে ফেলেন। পরে তিনি গিয়ে অন্য সাপটি ধরেন।

এরপর বাড়ির পাশের একটি দোকানে সাপটি নিয়ে উপস্থিত লোকজনকে খেলা দেখান গোলাম রব্বানী। সাপটি ব্যাগে ঢোকানোর সময় তাঁর হাতে কামড় দেয়। এরপর তিনি সাপটি ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালে যান চিকিৎসা নিতে।

হাসপাতালের শয্যায় বসে গোলাম রব্বানী বলেন, ‘ওই সাপটারে ব্যাগে কইরে ধইরে আনিছি। এরপর এক দোকানে আইসে পান-টান খায়ে খেলা দেহাইছি। পরে সাপ ব্যাগে ঢুকোনোর সুমায় আমারে কামড় দেছে। সাপ সাথে করে হাসপাতালে আনিছিলাম, এহেনি সবাই ভয় পাচ্ছে বলে সাপ বাড়ি পাঠায় দিছি।’

সাপে কামড়ানোর আধাঘণ্টার মধ্যে গোলাম রব্বানী হাসপাতালে এসেছিলেন বলে জানান নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন শর্মি। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি তখনো সুস্থই ছিলেন। তারপরও সাপটি যেহেতু বিষধর, তাই অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত, পরে ব্যাগে ভরে হাসপাতালে বৃদ্ধ | শাহজাদপুর সংবাদ