সবচেয়ে শক্তিশালী এআই মডেল কি জেমিনাই ৪ আর্গন?
২ অক্টোবর, ২০২৬ এ ৮:১৫ AM

কোড লেখা, গবেষণা, দীর্ঘ নথি বিশ্লেষণ থেকে শুরু করে সাইবার নিরাপত্তার মতো জটিল কাজে দীর্ঘ সময় ধরে যুক্তি প্রয়োগ করে কাজ করতে সক্ষম নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন করেছে গুগল। গত ৩০ সেপ্টেম্বর মডেলটি প্রকাশ করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি তাদের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী মডেল এবং বিশেষভাবে দীর্ঘ ও বহু ধাপের কাজ সম্পন্ন করার জন্য এটি অত্যন্ত উপযোগী। তবে মডেলটি এখনও সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। প্রাথমিকভাবে নির্বাচিত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও অংশীদারদের কাছে এটি দেওয়া হচ্ছে।
জেমিনি ৪ আর্গনের বিশেষত্ব হলো দীর্ঘ ও জটিল কাজের ধারাবাহিকতা ধরে রেখে যুক্তি প্রয়োগ করার সক্ষমতা। মডেলটির সর্বোচ্চ আউটপুট সীমা ১০ লাখ টোকেন, যা আগের ৬৪ হাজার টোকেনের তুলনায় প্রায় ১৬ গুণ বেশি। ফলে বিপুল পরিমাণ কোড, নথি বা অন্যান্য তথ্য নিয়ে দীর্ঘ সময়ের কাজ একই প্রক্রিয়ায় চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
গুগলের নিজস্ব কর্মক্ষেত্রেও ইতোমধ্যে আর্গন ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির হাজারো কর্মী বিশেষায়িত প্রোগ্রামিং, গবেষণা ও লেখালেখির কাজে মডেলটি ব্যবহার করছেন। গুগলের কোয়ান্টাম কম্পিউটিং গবেষকেরা আর্গন ব্যবহার করে একটি গুরুত্বপূর্ণ অ্যালগরিদমের সম্পদ ব্যবহারের দক্ষতা বাড়িয়েছেন। অন্য একটি ক্ষেত্রে আর্গনের এজেন্টগুলো গুগলের ডেটা সেন্টারগুলোর মেমোরি ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে অপ্টিমাইজেশন করেছে। বাস্তবায়নের পর এতে ৩০০ টেরাবাইটের বেশি মেমোরি খালি হয়েছে বলে জানিয়েছে গুগল।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়েও আর্গনের ব্যবহার বিস্তৃত। গুগলের প্রকৌশলীরা ডিবাগিং থেকে শুরু করে বড় আকারের কোড মাইগ্রেশন ও অ্যালগরিদম তৈরিতে মডেলটি ব্যবহার করছেন। প্রতিষ্ঠানটির প্রকাশিত পরীক্ষায় দীর্ঘমেয়াদি বাস্তব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ডিপএসডব্লিউই ভি১.১ বেঞ্চমার্কে আর্গন ৭৭ দশমিক ৯ শতাংশ স্কোর করেছে। ব্যবসায়িক কাজের বিভিন্ন ধাপে এআইয়ের সক্ষমতা যাচাই করা অটোমেশনবেঞ্চে স্কোর করেছে ৫১ দশমিক ৩ শতাংশ। দীর্ঘ ভিডিও বোঝার এলভিবেঞ্চে পেয়েছে ৯১ দশমিক ৭ শতাংশ।
সাইবার নিরাপত্তায় মডেলটির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গুগল। আর্গনকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত, যাচাই এবং সমাধান করতে পারে। এজন্য প্রথম পর্যায়ে মডেলটি গুগলের ‘ফেয়ারউইন্ড’ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত সাইবার নিরাপত্তা অংশীদারদের দেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে বিশ্বস্ত সরকারি সংস্থা ও সাইবার নিরাপত্তা অংশীদারদের উন্নত এআইভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার সুযোগ দেওয়া হয়।
সাইবার নিরাপত্তায় শক্তিশালী সক্ষমতার কারণে মডেলটি একবারে সবার জন্য উন্মুক্ত করছে না গুগল। অপব্যবহার, ক্ষতিকর নির্দেশনা, প্রম্পট ইনজেকশন ও মডেলের আচরণ নির্ধারিত সীমার বাইরে চলে যাওয়ার ঝুঁকি নিয়ন্ত্রণে বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক ব্যবহারকারীদের মতামত ও পরীক্ষার ফলের ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার পর ডেভেলপার, প্রতিষ্ঠান ও সাধারণ ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে আর্গন উন্মুক্ত করা হবে। প্রথম পর্যায়ে পেইড এপিআই গ্রাহক ও গুগল এআই আল্ট্রা গ্রাহকেরা এটি ব্যবহারের সুযোগ পাবেন। এপিআইয়ের প্রাথমিক মূল্য প্রতি ১০ লাখ ইনপুট টোকেনে ২ ডলার এবং আউটপুট টোকেনে ১০ ডলার। তবে পরিচিতি পর্ব শেষ হলে তা যথাক্রমে ৪ ও ২০ ডলারে উন্নীত হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
২ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০ AM · বাংলা ট্রিবিউন
ইনস্টাগ্রামের জন্য মেটার নতুন এআই, যেসব সুবিধা পাবেন নির্মাতারা
২ অক্টোবর, ২০২৬ এ ৯:৫০ AM · বাংলা ট্রিবিউন
১৯ সেকেন্ডেই সুপারকম্পিউটারের শতবছরের কাজ সম্পন্ন করেছে কোয়ান্টাম কম্পিউটার
১ অক্টোবর, ২০২৬ এ ৪:৩৭ PM · প্রথম আলো
