ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা
২২ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ের সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন ব্যবস্থায় সরকারি উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী অথবা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে। তবে যারা ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে কিংবা কর্মসূচির নির্ধারিত সফটওয়্যারে তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন হবে না।
১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এক নির্দেশনায় বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের সর্বজনীনভাবে উপবৃত্তির আওতায় আনা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম পরিচালিত হবে।
নতুন করে ব্যাংক হিসাব খুলতে হবে যাদের
সরকারি উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে। এ পদ্ধতিতে অর্থ পেতে শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।
যেসব ছাত্রী ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে অথবা যাদের নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজন নেই। তবে যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, তাদের শিক্ষার্থী অথবা অভিভাবকের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।
মোবাইলে উপবৃত্তি পেতে যেসব শর্ত
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে আলাদা শর্ত নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে।
এ ক্ষেত্রে মা–বাবার মধ্যে যাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং ওই ব্যক্তির নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ সিম নিবন্ধন ও মোবাইল ব্যাংকিং হিসাবের মালিকানার তথ্যের মধ্যে মিল থাকতে হবে।
উদাহরণ হিসেবে, কোনো শিক্ষার্থীর উপবৃত্তির আবেদনে বাবাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হলে বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই সিম নিবন্ধন করতে হবে। একই ব্যক্তির তথ্য দিয়ে তাঁর নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।
উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমাধানের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় সহায়তার জন্য mis.hsp@pmeat.gov.bd ই-মেইল ঠিকানা ব্যবহার করা যাবে।
নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করার পাশাপাশি উপবৃত্তি-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
বিস্তারিত দেখুন এখানে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডায়নিং
২২ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৭ PM · প্রথম আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮
২২ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৭ AM · প্রথম আলো
বুটেক্সে ভর্তি পরীক্ষা: আসন ৬৩০, জিপিএ অপরিবর্তিত, সুযোগ সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদেরও
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:২১ AM · প্রথম আলো
বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনর্ভর্তি ফি নিষিদ্ধ
২২ নভেম্বর, ২০২৬ এ ৮:২৫ AM · প্রথম আলো
এআইভিত্তিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিটনা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক
২১ নভেম্বর, ২০২৬ এ ৪:১৭ PM · প্রথম আলো
