রোনালদোর পায়ে জয়সূচক গোল, হলো রেকর্ডও
২৯ আগস্ট, ২০২৬ এ ১০:৪৮ AM

রেকর্ড ও ক্রিস্টিয়ানো রোনালদোর একসঙ্গে পথচলা অনেক বছরের। ৪১ বছর বয়সেও সেই যাত্রা চলছে। এবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন পর্তুগিজ কিংবদন্তি।
গতকাল রাতে আল তাওউনের বিপক্ষে আল নাসরের ২-১ গোলে জয়ের ম্যাচে জয়সূচক গোলটি রোনালদোর। এর মধ্য দিয়ে সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১০৪–এ।
ম্যাচের ৫০তম মিনিটে গোলটি করেন রোনালদো। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত এক দশকে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।
রোনালদো সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তিন বছরের একটু বেশি সময় নিয়ে। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। আল তাওউনের বিপক্ষে গোলটি রোনালদোর ক্যারিয়ারের ৯৭৮তম গোল। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে আর ২২ গোল চাই রোনালদোর।
ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি আল নাসরের। ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তা গোল করে সমতায় ফেরান আল নাসরকে।
এরপর ৫০তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় দলটি। বাঁ প্রান্ত দিয়ে দারুণভাবে আক্রমণে উঠে আল তাওউনের বক্সে ঢুকে পড়েন জোয়াও ফেলিক্স। তাঁর কাটব্যাক থেকে বল পান মোহামেদ সিমাকান। বক্সের প্রান্ত থেকে সিমাকানের নেওয়া গোলমুখী শট ছয় গজ দূর থেকে পায়ে ছুঁয়ে জালে জড়িয়ে দেন রোনালদো। রোনালদোর এই গোলে জয়ের ধারা ধরে রাখল আল নাসর। চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা।
এর আগে গত মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষেও নাটকীয়ভাবে ৩-২ গোলের জয় পেয়েছিল আল নাসর। সেই ম্যাচে আল নাসর গোলরক্ষক বেন্তো লাল কার্ড দেখেছিলেন এবং প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে ছিল দলটি।
পরে কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু রোনালদোকে তুলে নেওয়ার পর শেষ ১৬ মিনিটে ৩ গোল করে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় আল নাসর। তবে আল তাওউনের বিপক্ষে এবার পুরো ম্যাচই খেলেছেন রোনালদো।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর
২৯ আগস্ট, ২০২৬ এ ১১:৫৮ AM · প্রথম আলো
শেরকি-হলান্ডে আলোকিত সিটি, ‘ফাইভ স্টার’ বায়ার্ন, আবারও বেঁচে গেল পিএসজি
২৯ আগস্ট, ২০২৬ এ ১০:১৮ AM · প্রথম আলো
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে বড় বার্তা দিয়েছে বাংলাদেশ
২৯ আগস্ট, ২০২৬ এ ৯:৩৭ AM · প্রথম আলো
জুরিখে ‘পাগলাটে’ ডায়মন্ড লিগে দস সান্তোস ও রাসেলের বিশ্ব রেকর্ড
২৮ আগস্ট, ২০২৬ এ ১২:৩৫ PM · প্রথম আলো
