শাহজাদপুর সংবাদ

রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির

২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫২ PM

রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির

রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার ও অবিলম্বে স্বাস্থ্যসেবার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনকালে তারা এ দাবি জানান।

এ সময় তারা সেখানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরীন আখতার, কর্মরত চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘আমরা যে গণতান্ত্রিক পুনর্গঠনের সময়ে আছি, সেখানে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করে আমাদেরকে এই স্বাস্থ্যসেবা কেন্দ্র পুননির্মাণ করতে হবে। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথাযথ উদ্যোগ নিতে হবে।’

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘এই ঘটনার সঙ্গে যারা দায়ী, তারা যে দল-মতেরই হোক না কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।’

তিনি বলেন, ‘মিরপুরের শ্রমজীবী, নিম্মবিত্ত ও মধ্যবিত্ত মানুষ এখানে যে মাতৃস্বাস্থ্য ও শিশুদের টিকার জন্য যে সেবা নেন তা অত্যন্ত জরুরি। যারা এখানে সেবা দিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখানে রাড্ডার কর্মীরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা ও জায়গাটিকে কাজের উপযোগী করতে হবে।’ একই সঙ্গে জায়গাটি নারী ও শিশুদের সেবা দেওয়ার জন্য উপযোগী করে তুলতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাই।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন-জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, আলিফ দেওয়ান, জাহিদ সুজন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মাহবুব রতন, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম, কেন্দ্রীয় পরামর্শক সদস্য গ্রুপ ক্যাপ্টেন মো. খালেদ হোসাইন (অব), সৈকত মল্লিক, আমাদের পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, জিএসএ পল্লবী থানার নির্বাহী সমন্বয়কারী প্রদীপ রায়, কাফরুল থানার আহ্বায়ক রতন তালুকদার, বাংলাদেশ যুব ফেডারেশনের সদস্য মশিউর রহমান খান রিচার্ড, জিএসএর জাতীয় পরিষদের সদস্য আশরাফুল আলম সোহেল, এম জে ফেরদৌস, হাবিবুর রহমান, মিরপুর অঞ্চলের সদস্য সামিয়া রহমান, দিদার মাস্তয়ালসহ স্থানীয় নেতাকর্মীরা।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ