রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল
১৯ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৮ AM

গোপালগঞ্জসহ সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় প্রতিবাদী বাইক মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার রাতে (১৮ নভেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি টিএসসি ভিসি চত্বর, মধুর ক্যান্টিন, হল পাড়া, পলাশী, নীলক্ষেত, কাটাবন, এলিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
যেকোনও ধরনের নৈরাজ্যকর তৎপরতা রাজপথে প্রতিহত করবে ছাত্রদল। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ফরিদপুরে রাজু মোল্লা হত্যাসহ জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর চালানো হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বাঙলা কলেজ, ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম সহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী
১৯ নভেম্বর, ২০২৬ এ ৫:০৬ PM · প্রথম আলো
২১ নভেম্বর থেকে দেশজুড়ে সমাবেশ–মিছিল করবে জামায়াত, চলবে ডিসেম্বরজুড়ে
১৯ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · প্রথম আলো
সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন জামায়াত আমির: মামুনুল হক
১৯ নভেম্বর, ২০২৬ এ ৩:৩৬ PM · প্রথম আলো
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:৪২ AM · বাংলা ট্রিবিউন
