যুবদল নেতার কার্যালয়ে আসেন দুই কর্মী, কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ গেল একজনের
১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৬ PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন (২৬) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম (২২) নামে আরেক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামে এ স্থানীয় যুবদল নেতা সাদ্দাম হোসেনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। এ ঘটনায় মো. জাবেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত তারেক হোসেন সীতাকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। আর গুলিবিদ্ধ তাফসির আলম একই ইউনিয়নের অলিনগর এলাকার ইউসুফের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁরা দুজনই যুবদল নেতা সাদ্দাম হোসেনের অনুসারী।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রাত ১০টা ৫৫ মিনিটে তারেক হোসেন ও তাফসির আলম একটি মোটরসাইকেলে সাদ্দাম হোসেনের কার্যালয়ে আসেন। এ সময় কার্যালয়টির সামনে আরও অন্তত ১৩ জন অবস্থান করছিলেন। এর কিছুক্ষণ পর তাঁদের এলোপাতাড়ি গুলি করা হয়। তবে ভিডিওতে গুলির কোনো দৃশ্য দেখা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, রাতে তারেক হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর লাশ মর্গে রাখা হয়েছে। তাফসির আলম হাসপাতালে চিকিৎসাধীন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, যুবদলের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হতাহত দুজনই যুবদল নেতা সাদ্দাম হোসেনের অনুসারী। তাঁদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার পর হামলাকারীরা হতাহত ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় জাবেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জনতার হাতে ধরা পড়লেন মূল অভিযুক্ত, জামায় ছিল রক্তের দাগ
১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৪১ PM · প্রথম আলো
‘আমার স্বামী আমার কাছে সুপারম্যান ছিলেন, সুপারহিরো হয়ে থাকবেন’
১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৯ PM · প্রথম আলো
অবৈধ ফোন বন্ধে আবার উদ্যোগ, বৈধ সেটের দামে কী প্রভাব পড়বে
১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৯ PM · প্রথম আলো
উচ্চ শব্দে মাইক, অপ্রয়োজনীয় আলো থেকে বিরত থাকাসহ পরিবেশবান্ধব পূজা আয়োজনে কয়েক নির্দেশনা
১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
শ্যামলীতে ট্রাকের চাপায় দুজন নিহত, রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল সড়কে
১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৭ PM · প্রথম আলো
