শাহজাদপুর সংবাদ

মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য ‘১৯ হোস্টেল প্রকল্প’ একনেকে অনুমোদন

২০ আগস্ট, ২০২৬ এ ১১:৪২ AM

মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য ‘১৯ হোস্টেল প্রকল্প’ একনেকে অনুমোদন

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘১০টি মেডিকেল কলেজের ১৯টি হোস্টেল নির্মাণ’ প্রকল্পের সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য, গ্রামীণ সড়ক, নদীভাঙন প্রতিরোধ, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ অবকাঠামো, সেতুর রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।

একনেক সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাগুলো প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকা। প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের আগস্ট পর্যন্ত সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাচীনতম এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেলের বেশ কয়েকটি ভবন, ছাত্রাবাস এবং অন্যান্য আবাসিক ও অনাবাসিক স্থাপনা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণই প্রকল্পটির মূল লক্ষ্য। এ ছাড়া ১০টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে ২০১ কোটি ৭০ লাখ টাকা।

একনেক সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবেরাও বৈঠকে অংশ নেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ