মৃত্যুর খবর শুনে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় গৃহবধূ নিহত
১২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১০ PM

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার চালক ও নিহত নারীর তিন স্বজন আহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাগদা বড়বাড়ির সামনে মতলব-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সাদিয়া আক্তার (২৫)। তিনি উপজেলার ঘিলাতলী এলাকার ইসমাইল গাজীর স্ত্রী। এক স্বজনের মৃত্যুর খবর পেয়ে সাদিয়া আক্তার ও তাঁর তিন স্বজন অটোরিকশায় করে ঘিলাতলী থেকে নাগদা এলাকায় যাচ্ছিলেন।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, অটোরিকশাটি নাগদা বড়বাড়ির সামনে থামে। এ সময় মতলব দক্ষিণ থেকে ঢাকাগামী ‘জৈনপুর পরিবহন’ নামের বাসটি সেটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ওই সময় গুরুতর আহত হয়ে সাদিয়া ঘটনাস্থলেই মারা যান।
এ দুর্ঘটনায় আহত অটোরিকশার চালক ও সাদিয়ার তিন স্বজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের
২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৮ PM · প্রথম আলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে
২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন যায় ছোট দুই মেয়ে, ফেরার পথে দুর্ঘটনায় নিহত
২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮ AM · প্রথম আলো
