শাহজাদপুর সংবাদ

মিল্কিওয়ে ছায়াপথের ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর বিশাল ভান্ডারের সন্ধান

২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯ AM

মিল্কিওয়ে ছায়াপথের ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর বিশাল ভান্ডারের সন্ধান

মিল্কিওয়ে ছায়াপথের (গ্যালাক্সি) কেন্দ্রীয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর বিশাল ভান্ডারের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে শনাক্ত করা গ্যাসীয় উপাদানগুলো মূলত সুপারনোভা বা নক্ষত্র বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে, যা পরবর্তী সময়ে ছায়াপথের কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলের চারপাশে ভারী ধাতু ছড়িয়ে দিয়েছে। দ্য অ্যাস্ট্রোনোমিক্যাল জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, জ্যোতির্বিজ্ঞানে হাইড্রোজেন ও হিলিয়ামের চেয়ে ভারী যেকোনো উপাদানকে ধাতু বলা হয়, যার মধ্যে অক্সিজেন, কার্বন, লোহা বা সোনা অন্যতম। নক্ষত্রের আয়ু শেষের দিকে কেন্দ্রস্থলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে এসব উপাদান তৈরি হয় এবং পরে তা মহাকাশে ছড়িয়ে পড়ে নতুন নক্ষত্রের অংশ হয়।

গ্যাস হিসেবে শনাক্ত হওয়া এসব ধাতুর গঠন পার্শ্ববর্তী কয়েকটি নক্ষত্রের রাসায়নিক উপাদানের মতোই। কানাডার মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী নিকোল ফোর্ড বলেন, ‘আমরা জানি আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি ব্ল্যাকহোল রয়েছে, যা তার চারপাশের উপাদানকে নিজের দিকে টেনে নিচ্ছে। তবে আমরা দেখছি এটি অন্যান্য সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের তুলনায় অনেক ধীরে উপাদান গ্রহণ করছে। এমন কেন ঘটছে তা বোঝার জন্য ব্ল্যাকহোলের খাদ্য হিসেবে থাকা গ্যাস, ধূলিকণা এবং এটিকে প্রদক্ষিণকারী নক্ষত্রগুলোর বৈশিষ্ট্য জানা প্রয়োজন।

ব্ল্যাকহোলের কাছাকাছি গ্যাস নিঃসরণ স্থানীয় মেঘের পরিস্থিতির মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে। ফলে কেবল গ্যাসের তথ্য বিশ্লেষণ করে ব্ল্যাকহোল কতটা সক্রিয় তা জানা সম্ভব নয়। তবে ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর উপস্থিতি গ্যাস ঠান্ডা হওয়ার গতিকে প্রভাবিত করে, যা গ্যাসটি ব্ল্যাকহোলে কীভাবে টেনে নেওয়া হবে তা নির্ধারণ করে থাকে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন পর্যবেক্ষণের এই তথ্য দূরবর্তী গ্যালাক্সির সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের চারপাশের ধাতুর বণ্টন এবং পৃথিবীতে ভারী মৌল পৌঁছানোর প্রক্রিয়া বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: লাইভ সায়েন্স

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

মিল্কিওয়ে ছায়াপথের ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর বিশাল ভান্ডারের সন্ধান | শাহজাদপুর সংবাদ