মিরপুরে সড়ক অবরোধের চেষ্টায় পোশাকশ্রমিকেরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১৭ নভেম্বর, ২০২৬ এ ১২:১০ PM

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নেমে অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সকালে মিরপুরের দারুসসালাম, শাহ আলী থানা এলাকায় জড়ো হন পোশাকশ্রমিকেরা। পরে সেখান থেকে তাঁরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আসার চেষ্টা করেন। তাঁদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
এখন মিরপুর ১০ নম্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।
এদিকে সকাল ৯টার দিকে মিরপুর ১১ নম্বরের মেট্রোস্টেশনের নিচে পোশাকশ্রকিকেরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। তিনি বলেন, তবে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি এবং বাধার মুখে শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে পারেননি।
ওসি জালাল উদ্দিন বলেন, ‘শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে চেষ্টা করেছিলেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। পরে তাঁরা সড়কের পাশে দাঁড়িয়ে নিজেদের দাবিদাওয়ার বিষয়ে কথাবার্তা বলেন। একপর্যায়ে তাঁরা এলাকা থেকে চলে যান।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
৩০ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ
১৭ নভেম্বর, ২০২৬ এ ১২:১৭ PM · প্রথম আলো
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম
১৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৮ PM · প্রথম আলো
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যায় দণ্ডিতদের ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু
১৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · প্রথম আলো
