শাহজাদপুর সংবাদ

মানুষের মতো স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে পারে নতুন এআই মডেল ডেসা

২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM

মানুষের মতো স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে পারে নতুন এআই মডেল ডেসা

মানুষের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছে টু্ইটারের (বর্তমানে এক্স) সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসির মালিকানাধীন ব্লক ইনকরপোরেশন। ব্লকের দাবি, ‘ডেসা’ নামের এআই মডেলটি মানুষের ভঙ্গিতে কথা বলার পাশাপাশি ব্যবহারকারীর কথা শুনে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে পারে। শুধু তা–ই নয়, কথোপকথনের সময় মডেলটি হাসতে বা বিস্ময় প্রকাশ করাসহ ব্যবহারকারী কথা বলতে গিয়ে থেমে গেলেও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন এআই মডেলটির বিষয়ে জ্যাক ডরসি জানান, যোগাযোগের সবচেয়ে স্বাভাবিক মাধ্যম হলো কণ্ঠস্বর। ডেসা একটি পূর্ণাঙ্গ দ্বিমুখী কথোপকথনভিত্তিক স্পিচ মডেল, যা মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার জন্য তৈরি করা হয়েছে। ডেসার অন্যতম বৈশিষ্ট্য হলো, আকারে ছোট হওয়ায় এটি ল্যাপটপেও চালানো যায়।

ব্লকের দাবি, ডেসা বাস্তব সময়ের চেয়ে দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে। ফলে ব্যবহারকারীর কথা শোনা ও উত্তর দেওয়ার জন্য সময়ের ব্যবধান খুব কম হয়। মানুষের কথোপকথনের অডিও শোনানোর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ডেসাকে; অর্থাৎ কোনো লিখিত তথ্য বা আগে থেকে প্রশিক্ষিত এআই মডেল ব্যবহার করা হয়নি। মডেলটির বিশেষত্ব হলো, এটি একই সময়ে কথা শুনতে ও বলতে পারে; অর্থাৎ ব্যবহারকারীর কণ্ঠস্বর গ্রহণ করে সরাসরি নিজ কণ্ঠস্বরে উত্তর দেয়। বর্তমানে ডেসা পরীক্ষামূলক পর্যায়ে থাকায় শুধু নির্দিষ্টসংখ্যক আগ্রহী ব্যক্তিরা মডেলটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

ডেসার তথ্যমতে, বিশ্বের শক্তিশালী এআই মডেলগুলো ব্যবহারকারীর কণ্ঠস্বর শুনে তার অনুভূতি বুঝতে পারে না। ফলে কথোপকথন স্বচ্ছন্দে করা যায় না। এমনকি অনেক সময় ব্যবহারকারীর অনুভূতি বুঝতে না পারার কারণে ভুল প্রতিক্রিয়া দেওয়ার ঝুঁকিও থাকে। ডেসাই বিশ্বের প্রথম এআই মডেল, যেটিকে শুধু মানুষের কণ্ঠস্বর শোনানোর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর তাই মডেলটির সঙ্গে বাস্তব মানুষের মতো সরাসরি কথোপকথন করা যায়।

ডেসার ওয়েবসাইটে একজন ব্যবহারকারীর সঙ্গে মডেলটির কথোপকথনের একটি অডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, কখন কথা বলতে হবে, কী বলতে হবে এবং কীভাবে বলতে হবে, তা নিজেই নির্ধারণ করছে ডেসা। কথোপকথনের সময় মজার কোনো প্রসঙ্গ এলে কথা বলার মাঝখানেই স্বাভাবিকভাবে হেসে উঠেছে ডেসা। পরিস্থিতি অনুযায়ী বিস্ময় প্রকাশের মতো শব্দ ব্যবহারের পাশাপাশি সহানুভূতিও জানিয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

মানুষের মতো স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে পারে নতুন এআই মডেল ডেসা | শাহজাদপুর সংবাদ