ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে কমিউটার ট্রেনে আগুন, দুজনকে আটক
১১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একটি বগির কয়েকটি আসন পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিংয়ের (ইঞ্জিনের সাহায্যে ট্রেনের বগি এক স্থান থেকে অন্য স্থানে সরানো) সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোরে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। গতকাল দিবাগত রাত তিনটার দিকে ট্রেনটির শান্টিং চলাকালে দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। এ ঘটনার কারণে আজ বুধবার ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যায়।
ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে পৌঁছালে মারা যান বাবাও
১১ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ PM · প্রথম আলো
নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি-ভিডিও প্রচার
১১ নভেম্বর, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের সাক্ষাৎ, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাতে চায় তুরস্ক
১১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৯ PM · প্রথম আলো
