বুনো হাতির ফুটবল খেলা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৩ AM

কখনো বুনো হাতির ফুটবল খেলা দেখেছেন? সম্প্রতি ভারতের আসাম রাজ্যে বুনো হাতির ফুটবল খেলার মনোমুগ্ধকর দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে বুনো হাতির ফুটবল খেলা অনেককেই বিস্মিত করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের গোলাঘাট জেলার নুমালাইগড় বোগিঢালা এলাকার একটি মাঠে। দেখা যায়, সবুজ ঘাসে ঢাকা মাঠে এক বুনো হাতি ফুটবল খেলায় মেতেছে। হাতিটি কখনো শুঁড় দিয়ে বল গড়িয়ে নিয়ে যাচ্ছে, কখনো তাতে লাথি মারছে। বলে লাথি মেরে, শুঁড় দিয়ে আবার সেটিকে আটকাচ্ছে। বল দূরে চলে গেলে পেছন পেছন ছুটছে।
ভিডিওতে আরও দেখা যায়, খেলতে খেলতে একবার বলটি দূরে চলে গেছে। দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন বলটি ধরতে দৌড়ে এগিয়ে আসেন। দেখে মনে হয় বলটি নিয়ে হয়তো তাঁরাও খেলছিলেন। কিন্তু হাতি বল দিতে নারাজ। হাতিটিও বলের দখল পেতে জোরে দৌড়ায়। শেষ পর্যন্ত বল দখলের লড়াইয়ে হাতি জিতে যায়। শুঁড় দিয়ে বলটি জড়িয়ে আবার আপন মনে খেলতে শুরু করে। বাকিরা থাকেন দর্শকের ভূমিকায়।
মাঠে হাতির এমন মজা করে ফুটবল খেলার দৃশ্য সবাইকে দারুণ আনন্দ দিয়েছে। দৌড়ে দৌড়ে হাতিটির ফুটবল খেলা দেখে চোখ কপালে উঠেছে অনেকের।
অনেকে বুনো হাতির মজা করে এই ফুটবল খেলার মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল ও আনন্দের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘরে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। কেউ কেউ বিস্ময়ের সঙ্গে সংশয় প্রকাশ করে লিখেছেন, ‘এটা কি বুনো হাতি?’
একজন লিখেছেন, ‘খেলো ভারত।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, এবার কি ‘স্টার ওয়ার্স’ শুরু করবে দেশটি
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৬ PM · প্রথম আলো
নিরাপত্তা নিয়ে উদ্বেগে সন্তানদের স্কুল বদলালেন হ্যারি–মেগান
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২২ AM · প্রথম আলো
মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ AM · প্রথম আলো
