শাহজাদপুর সংবাদ

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে

২৪ নভেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য বাংলাদেশের সঙ্গে ১৫ বছর মেয়াদি ইজারা (কনসেশন) চুক্তি করতে যাচ্ছে তারা।

এ টার্মিনাল ব্যবহার করতে যাত্রীদের এমবারকেশন ফি (মাশুল) দিতে হবে ১২ দশমিক ৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৫৯ টাকা। বর্তমানে এ মাশুল ৫০০ টাকা। বিদেশযাত্রার সময় বিমানবন্দর ব্যবহারের জন্য যাত্রীর কাছ থেকে নেওয়া সরকারি মাশুলকে এমবারকেশন ফি বলা হয়।

যাত্রী পরিবহন থেকে অর্জিত রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে বাংলাদেশ। আর কার্গো পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ প্রতি টনে আয়ের ২৭ শতাংশ অথবা ১১ দশমিক ৫ ডলার পাবে।

সচিবালয়ে গতকাল সোমবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ধরনের চুক্তি করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় এ অনুমোদনের কথা জানায়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপিত তথ্যে জাপানি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি। তবে মন্ত্রণালয় সূত্র জানায়, টার্মিনাল যারা নির্মাণ করেছে, পরিচালনাও করবে তারাই। বৈঠকে এমবারকেশন মাশুল, যাত্রী পরিবহন, কার্গো পরিবহন ইত্যাদি উপস্থাপন করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩–এর নির্মাণ–পরবর্তী পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানিজ কোম্পানি আগ্রহ ব্যক্ত করে আর্থিক প্রস্তাব দাখিল করেছে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করবে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপ (এসডব্লিউজি)। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এসডব্লিউজির প্রস্তাব যাচাই–বাছাই করেছে, দর–কষাকষিও শেষ করেছে।

চুক্তির শর্ত অনুযায়ী, ১৫ বছর মেয়াদে জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশকে এককালীন ৮১ লাখ ডলার (প্রায় ১০০ কোটি টাকা) অগ্রিম দেবে। আর আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সর্বোচ্চ ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প ২০১৬ সালে অনুমোদনের পর কাজ শুরু হয় ২০১৯ সালে। কাজ পায় জাপানের বিমানবন্দর পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, প্রকৌশল ও বিনিয়োগ খাতের চার প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম। কনসোর্টিয়ামের মধ্যে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকা, মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন।

তৃতীয় টার্মিনাল ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত, যার ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। টার্মিনালটি চালু হলে বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। এতে থাকছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি বহির্গমন, ৫৯টি আগমন ও ৩টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক। এটি মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সঙ্গে সংযুক্ত এবং ভবিষ্যতে বিমান পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া প্রকল্পটি আলাদা আরেকটি প্রকল্প। আওয়ামী লীগ সরকারের সময়েই এটি নেওয়া হয় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে। এর বাস্তবায়নকারী সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টার্মিনাল পরিচালনা, যাত্রীসেবা, ব্যাগেজ ব্যবস্থাপনা, গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো হ্যান্ডলিং নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে ২১০ কোটি মার্কিন ডলার ব্যয়ের এ প্রকল্প নীতিগত অনুমোদন পায় ২০২৩ সালের ১৯ জানুয়ারি। এ টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ যারা করবে, তাদের সঙ্গেই এখন আলাদা চুক্তি হচ্ছে। চুক্তি হওয়ার কথা ৩০ নভেম্বরের মধ্যে।

সচিবালয়ে গতকাল সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। ৩০ নভেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পুরোপুরি চালু করতে আরও ১৪ মাস সময় লাগবে।

বেবিচক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি–জুনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৮৫ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক যাত্রী ৭৩ লাখ ৪০ হাজার এবং অভ্যন্তরীণ যাত্রী ১১ লাখ ৮০ হাজার।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ