শাহজাদপুর সংবাদ

বাংলাদেশের রান ১০০ ছাড়াল, সাদমানের ফিফটি

২৮ অক্টোবর, ২০২৬ এ ৯:০৫ AM

বাংলাদেশের রান ১০০ ছাড়াল, সাদমানের ফিফটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪ ওভারে ১০৯/২

দারুণ ফিফটি পেলেন সাদমান। বাংলাদেশের এই ওপেনারের শুরুটা হয়েছিল নড়বড়ে। ইনিংসের ১৬তম বলে প্রথম রানের দেখা পেয়েছিলেন। তবে সময় যত গেছে তত সাবলীল হয়েছেন। টেস্টে এটি তাঁর ১০ম ফিফটি।

বাংলাদেশ ১ম ইনিংস: ৩২ ওভারে ১০৩/২

১০০ রান পার হলো বাংলাদেশের। ফিফটির পথে আছেন ওপেনার সাদমান, তিনি ব্যাটিং করছেন ৪৬ রানে। ১৭ রানে অপরাজিত নাজমুল হোসেন।

মিরপুর টেস্টের প্রথম সেশনটা বাংলাদেশেরই বলা যায়। লাঞ্চে যাওয়ার আগে ২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ।

যদিও প্রথম সেশনের শেষদিকে মুমিনুল ২৮ রান করে আউট না হলে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকত।

ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই পেসার সিলস ও জোসেফ নতুন বলে দারুণ বোলিং করেছেন। শুরুতেই ফিরিয়েছিলেন তানজিদ হাসানকে। এরপর মুমিনুলকে নিয়ে সাদমান ৫৯ রানের জুটি গড়েন। মুমিনুল ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে সাদমান গড়েছেন অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯ ওভারে ৯৬/২ (সাদমান ৪২, মুমিনুল ২৮, নাজমুল ১৫, তানজিদ ৭; ওয়ারিক্যান ১/১১, সিলস ১/১০, জোসেফ ০/৭, চেজ ০/৩২, গ্রিভস ০/১৫)।

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩ ওভারে ৭৭/২

আরেকবার বড় ইনিংসের স্বপ্ন দেখিয়েছেন। তবে এবারও ইনিংসটা বড় করতে পারলেন না মুমিনুল হক। আউট হলেন ২৮ রান করে।

জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন মুমিনুল। মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি। সরাসরি মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে চলে যায় ক্যাচ।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯ ওভারে ৬০/১

দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়েছেন সাদমান ও মুমিনুল। সাদমান অপরাজিত ২৬ রানে, মুমিনুল ২৫ রানে। দুজনেই ইতিবাচক ব্যাটিং করছেন। বাউন্ডারি পাচ্ছেন, সঙ্গে এক–দুই রানে প্রান্ত বদলও করছেন।

বাংলাদশ ১ম ইনিংস: ১৩ ওভারে ৩৪/১

প্রথম ঘণ্টায় ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেইডেন সিলস ও শামার জোসেফ দারুণ বোলিং করেছেন। যদিও উইকেট পেয়েছেন মাত্র একটি, ৭ রান করে ফিরেছেন তানজিদ।

বাংলাদশ ১ম ইনিংস: ৭ ওভারে ১০/১

৭ রানে ফিরলেন তানজিদ। জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। সিলসের অফ স্টাম্পের কাছে লেংথ বলটি বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে।

সকালে নতুন বল হাতে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসারই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করছিলেন। তানজিদের উইকেটে ধারাবাহিক চেষ্টার পুরস্কার পেয়েছেন সিলস।

বাংলাদশ ১ম ইনিংস: ৩ ওভারে ৩/০

ওপেনার সাদমান ইসলাম এখনো রান করতে পারেননি। তানজিদ হাসানের ব্যাট থেকে এসেছে ৩ রান। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেইডেন সিলস ও শামার জোসেফ শুরুটা করেছেন দারুণ।

গতকাল সকালে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তখন ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। ডান হাতের তর্জনিতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়া মুশফিক গতকাল আর ব্যাটিংও করেননি। এক্সরে রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় কাল রাতে বলা হয়েছিল তিনি একাদশের জন্য বিবেচনায় থাকবেন। তবে শেষ পর্যন্ত তাঁকে রাখা হয়নি। ২০২৪ এর ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেননি মুশফিক। তখনো চোটের কারণে তিনি দলে ছিলেন না।

মুশফিকের জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে।

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।

মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

দুই দলই খেলছে তিন স্পিনার ও দুই পেসারের কম্বিনেশন নিয়ে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় চারে থাকা বাংলাদেশের ফাইনালে যেতে হলে বর্তমান চক্রে হাতে থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জিততেই হবে, যার শুরুটা তারা করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন অবশ্য গতকাল জানিয়েছেন, আপাতত তাঁর চোখ শুধু মিরপুর টেস্টে। মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখনই তিনি ভাবছেন না।

পয়েন্ট তালিকায় আটে থাকায় ওয়েস্ট ইন্ডিজের অবশ্য সে রকম কোনো চাপ নেই। সেরা পাঁচে থেকে চক্র শেষ করতে পারলেই তারা খুশি। তাতে অন্তত বাড়তি কিছু আর্থিক সুবিধা তো মিলবে!

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল। মিরপুর টেস্টে প্রথম আলোর লাইভে আপনাকে স্বাগত।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের রান ১০০ ছাড়াল, সাদমানের ফিফটি | শাহজাদপুর সংবাদ