বাংলাদেশের ‘ধাক্কা’র পর বিক্রি হয়ে গেছে ম্যাকাই টেস্টে প্রথম দিনের সব টিকিট
১৮ আগস্ট, ২০২৬ এ ১১:৩৬ AM

ডারউইন টেস্ট জিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে কী একটা ধাক্কাই না দিয়েছে বাংলাদেশ! ৯ উইকেটে বাংলাদেশের সে জয়ের অনেক রকম প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া জাতীয় দলের তীব্র সমালোচনা চলছে। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। পাশাপাশি বাংলাদেশ দল নিয়ে অস্ট্রেলিয়ান সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহও বেশ বেড়েছে। সে জন্যই দ্বিতীয় টেস্টে প্রথম দিনের সব সাধারণ টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
ম্যাকাইয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এই টেস্টে প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে বলা হয়েছে, ‘এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে।’
বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। এই স্টেডিয়ামের আসনসংখ্যা ১০ হাজার। ডারউইনে হারের পর সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার জন্য ম্যাকাই টেস্ট এখন খুব গুরুত্বপূর্ণ। ম্যাচটি নিয়ে অস্ট্রেলিয়ানদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক। দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে।
তবে অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সাময়িকী ‘দ্য ইন্ডিয়ান সান’ জানিয়েছে, ম্যাকাই টেস্টে দ্বিতীয় দিনের সব টিকিট বিক্রিও শেষ হওয়ার পথে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাত দিয়ে সাময়িকীটি জানায়, প্রথম দিনে সাধারণ আসনের সব টিকিট বিক্রি শেষ, সেই সঙ্গে ওই দিনের করপোরেট হসপিটালিটি প্যাকেজগুলোর বিক্রি সম্পন্ন হয়েছে। তবে পরবর্তী দিনগুলোর টিকিট এখনো পাওয়া যাচ্ছে এবং দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে।
কুইন্সল্যান্ড রাজ্যের শহর ম্যাকাই প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং মাছ ধরার জন্য বিখ্যাত। এই শহরে টেস্ট খেলতে যাওয়ার আগে ডারউইনে অস্ট্রেলিয়াকে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে বাংলাদেশ। চার দিনে সব সেশনেই দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় নাজমুল হোসেনের দল। ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেট–বিশ্বের প্রশংসাও কুড়াচ্ছে বাংলাদেশ।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল
১৭ আগস্ট, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
