বাংলাদেশি পোশাক নিয়ে হংকংয়ে রোড শো কেন
২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫ AM

তৈরি পোশাকের নতুন ক্রেতা খুঁজতে হংকংয়ে আগামীকাল বুধবার বাংলাদেশ অ্যাপারেল রোড শো অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে ক্রেতা প্রতিনিধিদের সামনে তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা এবং পণ্যের বৈচিত্র্য ও টেকসই উৎপাদনব্যবস্থা তুলে ধরবেন বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তারা।
বহুজাতিক ব্যাংক এইচএসবিসি ও তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ যৌথভাবে এ রোড শো করছে। আয়োজকেরা জানান, রোড শোতে অন্তত ৫৭টি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ থেকে ২৬–২৭ জনের একটি দল আয়োজনে থাকবে।
জানা যায়, হংকংয়ের আইসল্যান্ড সাংগ্রি–লা হোটেলে বাংলাদেশ অ্যাপারেল রোড শো অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন এইচএসবিসির হেড অব গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং (করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং) অলিভার জোনস এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান; এ ছাড়া হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল শাহ মোহাম্মদ তানভীর মনসুর।
‘কেন বাংলাদেশ: ঐতিহ্য ও ভবিষ্যৎ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক। এ ছাড়া ‘বাংলাদেশ থেকে কেন পোশাক কিনবেন’ বিষয়ে অধিবেশনে আলোচনায় অংশ নেবেন বিজিএমইএর সভাপতি, এপিক গ্রুপের চেয়ারম্যান রঞ্জন মাথানি, পিডিএস গ্রুপের সিম্পল অ্যাপ্রোচের এমডি সানি মালহোত্রা এবং ডেটা ডেভেলপ কনসাল্টিংয়ের এমডি হ্যানরি সু। অধিবেশনটি সঞ্চালনা করবেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব উর রহমান। অনুষ্ঠানস্থলে বাংলাদেশের কারখানায় তৈরি বিভিন্ন পোশাক প্রদর্শন করা হবে।
হংকংয়ে রোড শো করার কারণ জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি ক্রেতা প্রতিষ্ঠানের সোর্সিং অফিস চীনে থাকে। কারণ, সেখান থেকে তারা কাঁচামাল সংগ্রহ করে। সে জন্য আমরা হংকংকে বেছে নিয়েছি। এ আয়োজনে আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের যেসব ক্রেতা প্রতিষ্ঠান আমাদের দেশ থেকে তৈরি পোশাক কেনে না, তাদের আমন্ত্রণ জানিয়েছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইইউ ও কানাডার যেসব ক্রেতা আমাদের কাছ থেকে কম তৈরি পোশাক কেনে, তাদেরও আমন্ত্রণ জানিয়েছি।’
জানা যায়, হংকংয়ের রোড শোতে আলভালন, চিসেজ হোল্ডিং গ্রুপ, গ্যালাক্সি সান, বেসিকলাইন, ক্যারফুর, সেন্ট্রিক ব্র্যান্ডস, র গ্রুপ, টেক্সউইঙ্কা, ফ্রন্টালে ক্লোদিং, এইচঅ্যান্ডএম, কন্টুর, জে ক্রু, কিয়াবি, লাকোস্ত, লুয়েন থাই, মারুবেনি, ওমনিব্র্যান্ড, পিভিএইচ, কুইন্স, রয়্যাল স্পিরিট, সেইন্সবারি, টার্গেট, টশিবো, টেনডাম রিটেইল এসএ, টেনডাম রিটেইল এসএ, টেক্সউইঙ্কা, উইনিং রিসোর্সেস, উইনিং রিসোর্সেসসহ বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
দেশের শিল্প খাত অনেক দিন ধরেই গ্যাস–বিদ্যুতের সংকটে ভুগছে। এ পরিপ্রেক্ষিতে নতুন ক্রেতা খুঁজতে রোড শো করে কতটুকু সফল হওয়া যাবে, এমন প্রশ্ন করলে বিজিএমইএ সভাপতি বলেন, ‘গ্যাস–বিদ্যুতের সংকট থাকলেও আমরা ক্রেতাদের ক্রয়াদেশের পণ্য সময়মতো রপ্তানি করছি। এ ক্ষেত্রে কোনো ব্যতয় হচ্ছে না। যদিও জ্বালানিসংকটে তৈরি পোশাকশিল্পমালিকদের উৎপাদন ব্যয় বেড়েছে।
মাহমুদ হাসান খান আরও বলেন, ‘আমরা এই রোড শোর মাধ্যমে কিছু নতুন ক্রেতা প্রতিষ্ঠানকে আমাদের উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করব। পাশাপাশি যেসব ক্রেতা বর্তমানে কম পরিমাণ কিনছে, তাদের কাছে সরবরাহ বাড়ানোর চেষ্টাও থাকবে।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ভেজাল স্বর্ণ কিনছেন না তো, খাঁটিত্ব যাচাই করবেন যেভাবে
২৭ অক্টোবর, ২০২৬ এ ৯:০৪ AM · বাংলা ট্রিবিউন
আয়কর রিটার্ন কখন দিলে ছাড় পাবেন, কখন জরিমানায় পড়বেন, জেনে নিন
২৭ অক্টোবর, ২০২৬ এ ৮:৩০ AM · প্রথম আলো
