ফের ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৫ PM

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় সোমবার সকালে ইলন মাস্কের মোট সম্পদ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। জুনে প্রথমবার এই মাইলফলক ছোঁয়ার পর শেয়ারবাজার খোলার পর ফের ট্রিলিয়নেয়ারের মর্যাদা ফিরে পেলেন এই প্রযুক্তি উদ্যোক্তা।
ফোর্বসের হিসাবে সোমবার মাস্কের সম্পদ ১ ট্রিলিয়ন ডলার, যা শেয়ারবাজার খোলা থাকা সর্বশেষ দিন শুক্রবারের চেয়ে ৩০ দশমিক ৬ বিলিয়ন ডলার বেশি। এর ফলে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে তার অবস্থান আরও শক্ত হলো। দ্বিতীয় স্থানে থাকা অ্যামাজনের প্রধান জেফ বেজোসের সম্পদ ৩৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা মাস্কের অনেক পেছনে।
জুনে নাসডাকে স্পেসএক্সের লেনদেন শুরুর পর মাস্ক প্রথম ট্রিলিয়নেয়ার হয়েছিলেন। তবে কয়েক দিনের মধ্যে স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম পড়ে গেলে তিনি সেই মর্যাদা হারান। সম্প্রতি দুই কোম্পানির শেয়ারে ঊর্ধ্বগতির কারণে তার সম্পদ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। গত সপ্তাহে টেসলার তৃতীয় প্রান্তিকের গাড়ি সরবরাহ বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়ালে শুক্রবারই একদিনে মাস্কের সম্পদ ৬১ বিলিয়ন ডলার বেড়েছিল।
সোমবার সকালেও টেসলার শেয়ারের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। স্পেসএক্সের শেয়ারের দাম বেড়েছে আরও বেশি, ৫ শতাংশের বেশি। ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে প্রতিটি শেয়ারের দাম ছিল ১৬৭ ডলার, যা মাস্ককে ট্রিলিয়নেয়ারের মর্যাদা ফিরিয়ে দিয়েছে।
স্পেসএক্সের শেয়ারের এই উত্থানের পেছনে রয়েছে মর্গান স্ট্যানলির বিশ্লেষকদের মূল্যায়ন যে শেয়ারটির দাম কম ধরা হয়েছে। এ ছাড়া গত সপ্তাহে স্পেসএক্সের স্টারশিপ প্রথমবারের মতো সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। রবিবার মাস্ক ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তাকে এখন থেকে সুপার ইন্টেলিজেন্স বলার দাবির ভিত্তিতে স্পেসএক্সএআইয়ের নাম পাল্টে স্পেসএক্সএসআই করা হবে।
গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প ও এআই খাতের অন্য নেতাদের সঙ্গে হাজির ছিলেন মাস্ক। সেখানে প্রেসিডেন্ট এআইসংক্রান্ত একটি নতুন অ্যাকর্ড বা চুক্তি উন্মোচন করেন। নথিটিতে এআই দায়িত্বশীলভাবে উন্নয়নে নিশ্চিত করার কিছু নির্দেশনা রয়েছে। তবে ট্রাম্প নিজেই একে কেবল নৈতিকভাবে বাধ্যতামূলক বলে বর্ণনা করেছেন। প্রায় ৩০০ শব্দের এই অ্যাকর্ডে এই খাতের ওপর উল্লেখযোগ্য কোনও সুরক্ষা কাঠামো বা বিস্তারিত বিধিনিষেধ আরোপ করা হয়নি।
মাস্কের সম্পদ বাড়ার এই খবর এসেছে এমন সময়, যখন কয়েক দিন আগে তার সাবেক প্রেমিকা শিভন জিলিস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, তাকে সম্পর্ক থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি লেখেন, এক সপ্তাহের মধ্যে কোনও আগাম সতর্কতা ছাড়াই ভালোবাসা থেকে ছেড়ে দেওয়ায় সীদ্ধান্তে পৌঁছানো কঠিন, কিন্তু কখনও কখনও এমনই হয়। মাস্ক ও জিলিসের চার সন্তান রয়েছে। মাস্কের নিউরালিংকের নির্বাহী জিলিস মে মাসে আদালতে সাক্ষ্য দেন, রোমান্টিক সম্পর্কে জড়ানোর আগে তারা কেবল বন্ধু ও সহকর্মী ছিলেন। প্রথম দুই সন্তান আইভিএফ পদ্ধতিতে নেওয়ার জন্য মাস্ক শুরুতে তাকে শুক্রাণু দান করেছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, প্লেগ ছড়ানোর আশঙ্কার মধ্যে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের
৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২ AM · প্রথম আলো
‘মক্কা চুক্তি’ কার্যকর: সৌদি আরবে সেনা মোতায়েন করতে সম্মত তুরস্ক ও পাকিস্তান
৬ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৩ AM · প্রথম আলো
হুতিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর
৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৪ AM · প্রথম আলো
ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: দাবি আইআরজিসির
৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৮ PM · প্রথম আলো
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ৪৭০টি আসন, ব্যয় ১২ বিলিয়ন ডলার ও অনুপস্থিত প্রেসিডেন্ট
৫ অক্টোবর, ২০২৬ এ ১২:০১ PM · প্রথম আলো
